Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

এআই মানুষের বন্ধু নয়

এআই মানুষের বন্ধু নয়, বরং সৃজনশীলতা ও কর্মসংস্থানে ক্ষতি করছে। কীভাবে এআই আমাদের জীবনে প্রভাব ফেলছে? বিস্তারিত পড়ুন।

এআই মানুষের  বন্ধু নয়
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পক্ষে

Advertisement

অনুষা সিংহ
বর্তমানে দ্রুত গতির যুগে এআই মানুষের জীবন কিছু ক্ষেত্রে সহজ করেছে ঠিকই। কিন্তু মানুষের ভাবনা, ধৈর্যের পরিসরকে কমিয়েছে। ছাত্রছাত্রীরা যদি এআই-এর সাহায্যে হোমওয়ার্ক, স্কুলপ্রজেক্ট করে, তাহলে তাদের নিজস্ব সৃজনীশক্তি, লেখনীশক্তির বিকাশ ঘটবে কী করে? এআই দিয়ে তৈরি নকল ছবি, ভিডিও সমাজমাধ্যমে ভুল বার্তা চালনা করে। এর উপর নির্ভরতার দরুণ মানুষ ক্রমশ শারীরিক ও মানসিক অবক্ষয়ের দিকে পা বাড়াচ্ছে। এআই অদূর ভবিষ্যতে মানুষকে কর্মহীনতার সম্মুখীন করতে চলেছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে মানুষের এআইকে বন্ধু নয়, ক্ষণিকের সহায়ক রূপে গ্রহণ করা উচিত।

সরকারি কর্মী

অরুণিমা ভৌমিক
বর্তমানে আমাদের পরমবন্ধু এআই। কিন্তু আসলে এর মতো মিরজাফর আর দু’টি নেই। এআই-এর ব্যবহার শিক্ষাঙ্গনে শিখনের কাজ সহজ করলেও ধীরে ধীরে আমাদের জটিল-চিন্তা, সৃজনশীলতার বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। লোপ পাচ্ছে ব্যক্তিগত জীবনের আভরণ। খুব সহজেই এআই ব্যবহার করে ব্যক্তিগত ছবি, ভিডিও বিকৃত করে ব্যক্তিগত আক্রোশ মেটানোর রীতি ক্রমশ বেড়েই চলেছে। ফলস্বরূপ আত্মহত্যা, অবসাদ আজ মহামারির আকার ধারণ করছে। বহু মানুষ আজ চাকরি-হারা এই এআই-এর কারণেই।
গৃহশিক্ষিকা

 অভিজ্ঞান সাহা
বন্ধু হল এমন ব্যক্তিত্ব যে মানুষের পাশে থেকে তাকে ভালো কিছু করার আশ্বাস দেয়। এক্ষেত্রে এআই মানুষের চোখে প্রাথমিকভাবে তা করলেও আড়ালে থেকে আমাদের অমঙ্গল করছে। মানুষ এআই নির্ভর হয়ে পড়ে তার মৌলিকত্ব হারাচ্ছে, ফলে তাদের নিজস্ব বুদ্ধির বিকাশ ঘটছে না। এছাড়া এআইয়ের সবথেকে বড় দোষ, তার বুদ্ধি ও দক্ষতা হাজার মানুষের একক মস্তিষ্কের চেয়েও বেশি। এ কারণে বর্তমানে বেকার যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।
ছাত্র 

ফারুক কাদির
এআই আজ আমাদের হাতের মুঠোয়। এক ক্লিকেই এটি তথ্য দেয়, প্রশ্নের উত্তর দেয়, এমনকি লেখালেখিতেও সাহায্য করে। তাই বলে কি এআই মানুষের বন্ধু? মোটেও নয়। বন্ধুর মতো এআই-এর কোনো অনুভূতি, ভালোবাসা বা দায়বদ্ধতা নেই। এটি শুধু প্রোগ্রাম অনুযায়ী কাজ করে। ভুল তথ্য দিলে তার কোনো অনুশোচনা হয় না। তাই এআইকে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক। এআই আমাদের কাজের সহকারী হতে পারে, কিন্তু বন্ধু নয়। মানুষের সৃজনশীলতা ও মানবিকতার স্থান কোনো যন্ত্র কখনোই নিতে পারবে না।
সফটওয়ার আর্কিটেক্ট

বিপক্ষে

সৌমাল্য পাল
সর্বদা পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির দুনিয়ায়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এক নতুন সংযোজন। কঠিন কাজ সহজ করে তুলতে কম্পিউটার এর মতোই, এটিও এক নতুন আবিষ্কার। মানুষের করা আবিষ্কারকে মানুষ কোন পথে চালনা করবে, তা একান্তই আমাদের নিজস্ব সিদ্ধান্ত। যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, আমাদের মতো দেশে যেখানে শিক্ষা, চিকিৎসা সব ক্ষেত্রেই দক্ষ মানুষের ঘাটতি রয়েছে, এআই খুব সহজেই তা পূরণ করতে পারে। জীবনের সব ক্ষেত্রে এআই আর মানুষ একসঙ্গে ভবিষ্যত কর্মক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে। তাই ক্রমশ তথ্য প্রযুক্তির আওতায় আসা মানুষের জীবনে এআই অবশ্যই এক বন্ধু।
তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত

অনিমেষ দাস
এআই মানুষের শত্রু নয়, বরং আধুনিক যুগে মানুষের অপরিহার্য বন্ধু ও পরিপূরক প্রযুক্তি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প তথা খনির নিরাপত্তা, মহাকাশ গবেষণা, যুদ্ধকৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে এআই মানুষের কাজকে সহজ, দ্রুত ও নির্ভুল করে তুলছে। এআই কর্মসংস্থান ধ্বংস করছে না; উল্টে সাইবার নিরাপত্তা, ডেটা বিশ্লেষণ ও এআই ডেভলপমেন্টের মতো নতুন পেশার জন্ম দিচ্ছে। সৃজনশীল ও বিবেকবান মানুষের বিকল্প হওয়া কোনো ভাবেই এর উদ্দেশ্য নয়, বলা যায় সম্ভব নয়। বরং মানুষের সীমাবদ্ধতা দূর করে কাজের গতি বাড়ানোই এর কাজ। শিক্ষক

 কৃষ্ণেন্দু বিশ্বাস

বর্তমান সময়টা কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে চলে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান ও অন্যান্য নানা ক্ষেত্রেও তার সফল বিচরণ।‌ এ আই প্রযুক্তির হাত ধরে সহজেই নানা সমস্যার সমাধানের পাশাপাশি অজানাকে জানতে পারছে গোটা বিশ্ব। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এ আই প্রযুক্তিকে পরিচালনা, ব্যবহার ও নিয়ন্ত্রণ যিনি করছেন বা ভবিষ্যতে করবেন তিনি তো মানুষ। তাই যদি আমরা এআই প্রযুক্তিকে ভালো কাজে প্রয়োগ করি, তাহলে এ আই মানুষের বন্ধু হয়ে উঠবে।
পায়রাডাঙা

রানিবালা মুনিয়ান
এখন আমরা এআই-এর যুগে বাস করি, যে যুগে বাস করব সেই যুগের মতো আমাদের চলা উচিত। এই যুগে দাঁড়িয়ে এআই যেকোনো সমস্যায় ২৪ ঘণ্টা তথ্য প্রদান করে। বন্ধুর মতো কথোপকথন করে। এখনকার দিনে প্রকৃত বন্ধু পাওয়া দুষ্কর। মানুষ স্বার্থের জন্য সম্পর্ক রাখে। মানুষের মতো বহুরূপী এআই নয়। মানুষকে বিশ্বাস করার তুলনায় এআইকে বিশ্বাস করা অনেক নির্ভরযোগ্য। তবে এআই যেহেতু একটি যান্ত্রিক পদ্ধতি, তাই আমাদের বিচার করে তথ্য গ্রহণ করা উচিত।
গৃহবধূ

 

 

 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ