নয়াদিল্লি, ১ অক্টোবর: রাজ্যে পালাবদল হয়েছে। বিপুল ভোটে জয়লাভ করে বর্তমানে রাজ্যে ক্ষমতায় বিজেপি। তবে হেরেও এখনও হারেননি বলেই দাবি করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ,‘আমি ১৫ হাজার ভোটে জিতছিলাম। আমাকে মেরেছিল। আটকে রেখেছিল সিআরপিএফ, যাতে ভেতরে ঢুকতে না পারি। এরপর সব দখল করে নিয়েছিল। এটাই আসল সত্য।’ এরপরে সুর আরও চড়িয়ে মমতা বলেন, ‘সীমা খান্না এবং জ্ঞানেশ কুমার নির্বাচন প্রক্রিয়াকে হাইজ্যাক করে নিয়েছিল। ভোট গণনার প্রক্রিয়াকেও হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। ৪০০০ ইভিএমে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এটা প্ল্যান করে করা হয়েছিল।’ এরপরে তিনি বলেন,‘ঝড় আসছে। মানুষ এর জবাব দেবে।’
বৃহস্পতিবার দিল্লি থেকে বিজেপিকে একের পর এক তোপ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তিনি অভিযোগ করেন,‘যখন বিজেপি জিতছে, তখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর অফিসে মিষ্টি বিতরণ করছেন। তাঁর একটাই লক্ষ্য ছিল, শুধুমাত্র বিজেপিকে খুশি করার।’ এদিন জ্ঞানেশের পদত্যাগের দাবি করে মমতা বলেন,‘ভোটের সময় এসআইআর কোনোদিনও হয় না। এটাই মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা সহ আরও অনেক জায়গায় হয়েছে।’ জ্ঞানেশ কুমারের কি শাস্তি হওয়া উচিত নয়? প্রশ্নও তুলছেন মমতা।
এসআইআর প্রক্রিয়া চলাকালীন আগে মমতা বহুবার প্রশ্ন তুলেছেন। নিজেও গিয়েছেন দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে। এদিন মমতা বলেন, ‘১০০ জন ভিকটিমকে নিয়ে গেলে অপমান করেছিল।’ এছাড়াও প্রতীক নিয়ে কথা বলতে গেলেও দলের কর্মীদের নাকি বলা হয়েছিল ‘গেট লস্ট’, অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।