Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত করলাভ্যালি চা বাগান, পুলিসের গাড়ি ভাঙচুর

দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত জলপাইগুড়ির করলাভ্যালি চা বাগান। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ওই সংঘর্ষের জেরে বাগানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

দু’গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত করলাভ্যালি চা বাগান, পুলিসের গাড়ি ভাঙচুর
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত জলপাইগুড়ির করলাভ্যালি চা বাগান। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ওই সংঘর্ষের জেরে বাগানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিসের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। শুক্রবারও দিনভর চাপা উত্তেজনা থাকে বাগানে। নতুন করে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সেজন্য বাগানে ঢোকার মুখে পুলিস পিকেট বসানো হয়েছে। মোতায়েন রয়েছে র‌্যাফ। পুলিসের গাড়িতে ভাঙচুর চালানোয় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। 

Advertisement

এদিকে, সংঘর্ষে জড়ানো দু’পক্ষ এদিন সকাল থেকে ফের বাগানের দুই প্রান্তে জড়ো হতে থাকে। যা ঘিরে আবারও অশান্তির আশঙ্কা দানা বাঁধে। যদিও ঘটনাস্থলে পুলিস থাকায় রাত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে ঘটনার জেরে এদিন বাগানের বহু শ্রমিক কাজে যোগ দেননি। তাঁদের চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। বাগান কর্তৃপক্ষ এনিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। 
কয়েকদিন ধরে করলাভ্যালি চা বাগানে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। সংঘর্ষে জড়ানো দু’পক্ষই তৃণমূল কংগ্রেস বলে দাবি করেছে নিজেদের। চা বাগানের দখল কাদের হাতে থাকবে, তা নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। 
অভিযোগ, তৃণমূলের দুই নেতা কৃষ্ণ দাস ও মহেশ রাউতিয়া গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এর আগেও অশান্ত হয়েছে করলাভ্যালি চা বাগান। বৃহস্পতিবার রাতেও দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়। শুরু হয় পাথর বৃষ্টি। দু’পক্ষের কয়েকজনের মাথা ফাটে। তৃণমূলের চা শ্রমিক ইউনিয়নের নেতা বলে নিজেকে দাবি করা মহেশ রাউতিয়ার অভিযোগ, কৃষ্ণ দাসের লোকজন কয়েকদিন ধরে করলাভ্যালি চা বাগানে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। ক্রান্তিতে দলের মিছিলে ওই বাগান থেকে লোক নিয়ে যাওয়ার জন্য বাস ঠিক করা হলেও তা আটকে দেয় কৃষ্ণর লোকজন। পরে পুলিসের হস্তক্ষেপে বাসে করে বাগান থেকে লোক নিয়ে যাওয়া সম্ভব হয়। মহেশের দাবি, বৃহস্পতিবার রাতেও ওরা প্রথমে পাথর বৃষ্টি শুরু করে। ওরাই পুলিসের গাড়ির উপর চড়াও হয়। 
যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের এসসি এসটি সেলের নেতা কৃষ্ণ দাসের দাবি, মহেশ রাউতিয়ার বাহিনী বারবার করলাভ্যালি চা বাগানকে উত্তপ্ত করার চেষ্টা করছে। ওই গোষ্ঠীর মদতে বাগানে নেশার আসর বসছে। নেশা করে শ্রমিকদের বাড়িতে রাতের অন্ধকারে পাথর ছোড়া হচ্ছে। বৃহস্পতিবার রাতেও ওরাই হামলা চালায়। পুলিস প্রশাসন সবটাই জানে।  ঘটনার পর এলাকায় জটলা। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ