নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আয়করের বোঝা থেকে রেহাই পেতে চলেছেন রাজ্যের আরও ছ’লক্ষের বেশি মানুষ। এর ফলে আয়কর রিটার্ন দাখিল করলেও এ বাবদ কোনও টাকা মেটাতে হচ্ছে না, এমন নাগরিকের সংখ্যা রাজ্যে ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে চলেছে। কারণ, বিগত অর্থবর্ষ (২০২৪-২৫) পর্যন্ত এই সংখ্যাটা ছিল প্রায় ৪৪ লক্ষ। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ আয়কর ছাড় মিলবে। সেই ঘোষণামতো ইতিমধ্যে এর সুবিধা পেতে শুরু করেছেন আয়করদাতারা।
পশ্চিমবঙ্গ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৫৩ লক্ষ মানুষ আয়কর রিটার্ন দাখিল করেছেন। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে যাঁরা ইতিমধ্যে রিটার্ন দাখিল করেছেন, তাঁদের সংখ্যা ৫৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল পর্ব চলবে। ফলে সংখ্যাটা আরও বাড়বে। প্রসঙ্গত, গত অর্থবর্ষে বার্ষিক সাত লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হয়নি।
গত অর্থবর্ষ, অর্থাৎ ২০২৪-২৫ সালে যাঁদের আয়কর দিতে হয়েছে, তাঁদের মধ্যে বাংলার প্রায় ৫ লক্ষ ৭৫ হাজার করদাতার আয় ছিল বার্ষিক ৭ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে। তাঁদের প্রায় সবাই এবার করমুক্ত হচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গ থেকে কতজনকে চলতি অর্থবর্ষে আয়কর মেটাতে হতে পারে? সংখ্যাটা ছ’লক্ষের বেশি হতে পারে বলে মনে করছেন দপ্তরের কর্তারা। কারণ, এরাজ্যে দু’বছর আগেও এক কোটি টাকা পর্যন্ত আয়ের উপর কর মেটাতে হয়েছিল ৫ লক্ষ ৩৪ হাজার মানুষকে। কোটি টাকার বেশি আয়ের উপর ইনকাম ট্যাক্স মিটিয়েছেন ১৮ হাজারের বেশি নাগরিক। ১০ কোটি টাকার উপর উপার্জনে কর মিটিয়েছিলেন এ রাজ্যের প্রায় ১ হাজার ৭০০ জন। সব মিলিয়েই সংখ্যাটা এবার আরও কিছুটা বাড়বে স্বাভাবিক নিয়মেই।