সংবাদদাতা, শিলিগুড়ি: আম উৎসবে মেতে উঠেছে শহর শিলিগুড়ি। মাটিগাড়ার সিটি সেন্টারে তিন দিনের এই উৎসবে হরেক প্রজাতির আম তো রয়েইছে, সেসঙ্গে আম থেকে তৈরি নানা ধরনের খাবার যেমন মিষ্টি, আচার সবই মিলছে। দু’লক্ষ টাকা কেজি দরের মিয়াজাকি আম থেকে শুরু করে ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, সূর্যমুখী, বউ ভুলানির মতো প্রজাতির আমের দেখা মিলছে গীতাঞ্জলি আম উৎসবে।
কিন্তু আলাদা করে নজর কাড়ছে আম থেকে তৈরি রসগোল্লা সহ নানা ধরনের সুস্বাদু মিষ্টি। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে মৈনাক বিশ্বাস এবারই প্রথম এই আম উৎসবে তাঁর তৈরি মিষ্টি নিয়ে এসেছেন। শুক্রবার সন্ধ্যায় সিটি সেন্টারে আম উৎসব শুরু হয়েছে। শেষ হবে আজ, রবিবার। উদ্বোধনের পর থেকেই তাঁর দোকানে দর্শকদের ভিড় লেগেই রয়েছে। মৈনাক বলেন, এবারই প্রথম এই উৎসবে এসেছি। সাড়া পাচ্ছি। রসগোল্লা সহ নানা ধরনের মিষ্টিতে আমের ফ্লেভার দেওয়া হয়েছে। আমের পাপড়, আচার সহ নানা ধরনের স্ন্যাক্স নিয়ে এসেছি।
অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম এবং একটি বেসরকারি স্কুলের যৌথ উদ্যোগে সাত বছর ধরে শিলিগুড়িতে গীতাঞ্জলি আম উৎসব হয়ে আসছে। উদ্যোক্তাদের তরফে রাজ বসু বলেন, এবারের আম উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎপাদকরা এসেছেন। ভুটানও অংশ নিয়েছে। মোট ৩০টি স্টল রয়েছে। নামজাদা আমের পাশাপাশি বাংলার পরিচিত আমও পাওয়া যাচ্ছে। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে দু’লক্ষ টাকা কেজি মূল্যের জাপানি মিয়াজাকি আম। মোট ২৮ রকমের আম মিলছে।
এবারের উৎসবের নতুন দিক দার্জিলিং পাহাড়ের পাশাপাশি সিকিমে ঘুরতে আসা বহু পর্যটক ঘরে ফেরার পথে এই আম উৎসব দেখতে ভিড় করছেন। নিঃসন্দেহে আমপ্রেমীদের জন্য এই উৎসব এক অন্যরকম অভিজ্ঞতা। আমের ভিড়ের মাঝে নানা সাংস্কৃতিক ও অংশগ্রহণমূলক কর্মসূচিও রয়েছে। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, আম খাওয়ার প্রতিযোগিতা। নিজস্ব চিত্র।