নিজস্ব প্রতিনিধি, বরানগর: ২১ জুলাই উত্তর ২৪ পরগনা থেকে ব্যাপক জমায়েতের লক্ষ্যে রবিবার রুদ্ধদ্বার বৈঠক করে জেলা তৃণমূল নেতৃত্ব। রবিবার টিটাগড় জেলা অফিসের এই বৈঠকে জেলা সভাপতি পার্থ ভৌমিক, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও জেলা নেতৃত্ব উপস্থিত ছিল। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দু’টি বিধানসভা ধরে একজন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই সমস্ত কর্মসূচি পরিচালনা করবেন ও বিধানসভা এলাকায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। ব্রাত্য বসুকে পানিহাটি ও খড়দহ, চন্দ্রিমা ভট্টাচার্যকে দমদম ও রাজারহাট-গোপালপুর, নির্মল ঘোষকে বরানগর ও কামারহাটি, শোভনদেব চট্টোপাধ্যায়কে উত্তর দমদম ও ব্যারাকপুর বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নোয়াপাড়া ও বীজপুর বিধানসভার জন্য সোমনাথ শ্যাম, নৈহাটি ও ভাটপাড়ার জন্য সুবোধ অধিকারী, জগদ্দলে রাজ চক্রবর্তী ও আমডাঙায় সনৎ দে-কে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে জেলা যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে ভোটার লিস্ট সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।



