নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিজয়া দশমীর সন্ধ্যায় নিউটাউন গেটের ঝুলন্ত রেস্তরাঁয় আগুন লাগে। ছড়ায় আতঙ্ক। ভিতরে তখন কর্মী ও অতিথি মিলিয়ে প্রায় ৫০ জন ছিলেন। তবে, সবাইকেই অক্ষত অবস্থায় নীচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। দু’টি দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ল্যাডারের সাহায্যে উপরে উঠে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। কারণ, আগুনের ফুলকি ঝুলন্ত রেস্তরাঁ থেকে রাস্তার উপর এসে পড়ছিল। সেকারণে সাময়িক ওই গেটের নীচে দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট হয়নি। তদন্ত শুরু হয়েছে।
আগের সরকারের আমলে নিউটাউনের নারকেলবাগান মোড়ে তৈরি হয় ঝুলন্ত বলায়কৃতি গেট। যার নাম দেওয়া হয়েছিল বিশ্ববাংলা গেট। এখানে প্রায় ৮২ ফুট উচ্চতায় ঝুলন্ত রেস্তরাঁ সহ কাফেটেরিয়া, গ্যালারি ইত্যাদি রয়েছে। শহরের অন্যতম আকর্ষণ এই গেট। বিদেশিরাও এখানে আসেন। ২০১৭ সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিল। ২০১৯ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন এই গেটের। মাঝখানে একটি ঝুলন্ত ‘ব’ লেখা গ্লোব ছিল। সেটি অবশ্য তৃণমূল জমানাতেই খুলে যায়। তারপর আর লাগানো হয়নি। পালাবদলের পর নাম বদল করা হয়। সেপ্টেম্বর মাসেই হিডকোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, বিশ্ববাংলা গেটের নাম বদল করে রাখা হয়েছে ‘নিউটাউন গেট’।
পুজোর সময় রেস্তরাঁয় লাঞ্চ এবং ডিনারে ভালোই ভিড় হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আচমকা আগুন লাগার ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নীচে থেকেই গেটের উপর আগুনের ফুলকি দেখা যায়। ক্রমশ আগুন ছড়াতে থাকে। দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। খবর পাওয়া মাত্র দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। যেহেতু রাস্তা থেকে প্রায় ৮০ ফুট উপরে আগুন, তাই ল্যাডারের সাহায্য নেওয়া হয়। একটা সময় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। নিউটাউন গেটের নীচে দিয়ে চারটি গুরুত্বপূর্ণ রাস্তা চারদিকে গিয়েছে। যেহেতু আগুনের ফুলকি পড়ছিল, তাই সুরক্ষার স্বার্থে রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ করা হয়। গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়। ভিতরে থাকা অতিথি এবং রেস্তরাঁর কর্মীরা সুরক্ষিতভাবেই বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিতকুমার ভারত সহ পদস্থ পুলিশ কর্তারা।
আগুন লাগার কারণ সহ রেস্তরাঁর অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার অডিট সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।



