Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২০২৭ ওডিআই বিশ্বকাপ: কোহলির খেলা নিয়ে সংশয় নেই ডোনাল্ডের

ধ্রুপদী আসর থেকে বড্ড তাড়াতাড়িই নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি। এমনই মনে করছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড।

২০২৭ ওডিআই বিশ্বকাপ: কোহলির খেলা নিয়ে সংশয় নেই ডোনাল্ডের
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কেপটাউন: ধ্রুপদী আসর থেকে বড্ড তাড়াতাড়িই নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি। এমনই মনে করছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। তবে তাঁর মনে সামান্যতম সংশয়ও নেই যে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে স্বমহিমাতেই দেখা যাবে বিরাটকে।

Advertisement

২০১৪ ও ২০১৫, এই দু’বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ ছিলেন ডোনাল্ড। সেই অভিজ্ঞতা থেকে তাঁর মন্তব্য, ‘বিরাটের মতো রানের খিদে আর কারও মধ্যে দেখিনি। ওর প্রতি সেজন্যই আমার শ্রদ্ধা সীমাহীন। ড্রেসিং-রুমে প্রায়শই ওর উদাহরণ দিয়ে থাকি। ট্রেনিংও করে চ্যাম্পিয়নের মেজাজে। আর কাউকে ওইরকম কঠোর ট্রেনিং করতে দেখিনি। একেবারে মেশিনের মতো পরিশ্রম করে বিরাট।’ একটু থেমে ডোনাল্ডের আক্ষেপ, ‘টেস্ট ম্যাচে ভীষণ মিস করি ওকে। বড্ড তাড়াতাড়ি অবসর নিয়ে ফেলল লাল বলের ক্রিকেটে। তবে ওকে যে একদিনের বিশ্বকাপে খেলতে দেখা যাবে, তা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’
আসন্ন টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে দারুণ ভারসাম্য রয়েছে বলে মনে করছেন ডোনাল্ড। তাঁর মতে, ‘হাড্ডাহাড্ডি লড়াই হবে কাপযুদ্ধে। দক্ষিণ আফ্রিকা রীতিমতো শক্তিশালী দল। ভারতীয় পিচ কুড়ি ওভারের ঘরানার জন্য সেরা। যে কোনও বোলারের পক্ষেই ওখানে বল করা কঠিন। আইপিএলে যেমন দেখেছি, পাওয়ার প্লে’র ছয় ওভারে ১২৪ রানও উঠেছে। ব্যাটিংয়ের স্কিল এখন এতটাই বেড়েছে।’ পাশাপাশি নিজের দেশের এসএ-২০ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। গত চার মরশুম ধরেই টুর্নামেন্ট উন্নতির পথে রয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড। ৫৯ বছর বয়সির কথায়, ‘গত বছর সৌভাগ্যক্রমে ডারবান সুপার জায়ান্টসের ড্রেসিং-রুমে ছিলাম। এখানে একেবারে আইপিএলের মতো আবহ। দক্ষিণ আফ্রিকার পরিপ্রেক্ষিতে এর গুরুত্ব অসীম। বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে নবীনরা বল করার সুযোগ পায়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ