শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্ব অপরিসীম। জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা এই প্রতিষ্ঠান। শুধু বারাসত নয়, বনগাঁ, বসিরহাট, বারাকপুর মহকুমার বহু মানুষ চিকিৎসার জন্য আসেন এখানে। কারও জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। কেউ আসেন জটিল রোগের চিকিৎসা করাতে। অনেকের কাছে এই সরকারি হাসপাতালই শেষ ভরসা। কিন্তু সেই হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়েই এবার উঠছে একাধিক প্রশ্ন। সামনে এসেছে উদ্বেগজনক মৃত্যুর পরিসংখ্যানও। প্রতিদিন এখান থেকে রেফার হওয়া রোগীর সংখ্যাও কম নয়। তাহলে কি রোগীর চাপ সামলাতে পারছে না হাসপাতাল? নাকি চিকিৎসা পরিকাঠামোর কোথাও রয়েছে ঘাটতি? এই প্রশ্নই তুলছেন রোগীর পরিজনরা। সূত্রের খবর, গত ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর— এই ১৫ দিনে বারাসত মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১৬২ জন রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে প্রায় ১১ জন মারা গিয়েছেন। পাশাপাশি গড়ে প্রতিদিন প্রায় ১০ জন রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে বলে সূত্রের দাবি।
এই পরিসংখ্যান সামনে আসতেই বড়োসড়ো প্রশ্নচিহ্ন সামনে এসেছে। এত রোগীর মৃত্যু কেন? কোন পরিস্থিতিতে তাঁদের মৃত্যু হয়েছে? কতজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠাতে হয়েছে? তাহলে কি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না? রেফারের বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সরকারি মেডিকেল কলেজে রোগী আসেন উন্নত চিকিৎসার আশায়। অথচ প্রতিদিন যদি উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে অন্যত্র পাঠাতে হয়, তাহলে তার কারণ জানা জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসকের কি অভাব রয়েছে? প্রয়োজনীয় যন্ত্রপাতি বা চিকিৎসার পরিকাঠামো নেই, নাকি শয্যার সংকট? রোগী ও তাঁদের পরিজনদের কাছে এই প্রশ্নগুলির গুরুত্ব অনেক। কারণ, গুরুতর অসুস্থ রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ঝুঁকি কম নয়। সময় নষ্ট হয়, বাড়ে পরিবারের দুশ্চিন্তা। অনেক ক্ষেত্রে চিকিৎসার খরচও বেড়ে যায়।
প্রসঙ্গত, বারাসত মেডিকেলকে ঘিরে বিতর্কের তালিকা লম্বা। হাসপাতালের পরিষেবা নিয়ে অতীতেও একাধিক অভিযোগ উঠেছে। আগে হাসপাতাল পরিদর্শনে এসে রোগীদের সঙ্গে কুকুরের অবাধ যাতায়াতের ছবি সামনে এসেছিল স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। হাসপাতালের পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল। ওষুধ সরবরাহ নিয়েও রয়েছে গাদা গাদা অভিযোগ। অনেকেরই অভিযোগ, রোগীদের চিরকুট ধরিয়ে নির্দিষ্ট দোকান থেকে ওষুধ কিনতে বলা হয়। স্থানীয়দের প্রশ্ন, নতুন ভবন বা পরিকাঠামোর কথা বললেই কি উন্নত চিকিৎসা নিশ্চিত হয়? রোগী হাসপাতালে এসে সময়মত চিকিৎসা পাচ্ছেন কি না, প্রয়োজনীয় ওষুধ মিলছে কি না, জরুরি পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা পাওয়া যাচ্ছে কি না— সেই হিসাবও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বারাসত মেডিকেল কলেজের এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহার বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। যেকারণে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।



