ওয়াশিংটন: প্রকাশ্যে আসার একদিনের মধ্যেই মার্কিন বিচারবিভাগের ওয়েবসাইট থেকে উধাও যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সম্পর্কিত ১৬টি ফাইল। যার মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সহ একটি ফাইল। শুক্রবার সর্বসাধারণের জন্য ফাইলগুলি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল।
কিন্তু তারপরই আগাম সরকারি ব্যাখ্যা বা নোটিশ ছাড়াই রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে একগুচ্ছ ফাইল। এখন পর্যন্ত এবিষয়ে কোনও সাফাই দেয়নি বিচারবিভাগীয় দপ্তর। ফাইল হটানোর খবর প্রকাশ্যে আসতেই দানা বেঁধেছে বিতর্ক। ট্রাম্পের ছবি সরানো নিয়ে সরব হয়েছেন হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা। এক্স হ্যান্ডলে তাঁদের পোস্ট, ‘কোন কিছু কি ধামাচাপা দেওয়া চেষ্টা চলছে? আমেরিকার নাগরিকদের জন্য আমাদের স্বচ্ছতা বজায় রাখা উচিত।’
১৬টি ফাইলের মধ্যে একটিতে ট্রাম্পের ছবি ছিল। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে এপস্টাইন, মেলানিয়া ট্রাম্প ও ঘিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। যৌন অপরাধীর ড্রয়ারে থাকা ছবির মধ্যে সেটি রাখা ছিল। এই একটি ছবি ছাড়া আর কোথাও রিপাবলিকান নেতার উল্লেখ মেলেনি বলে খবর।
ইতিমধ্যে এপস্টাইন সম্পর্কিত হাজার হাজার নথি ও ছবি প্রকাশ্যে এসেছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ একাধিক হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল। যদিও লিখিত নথিতে ট্রাম্পের উল্লেখ নেই বললেও চলে। এপস্টাইনের সঙ্গে একসময় ট্রাম্পের বন্ধুত্ব ছিল। দু’জনের একাধিক ছবিও রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের অবশ্য দাবি, অতীতে বন্ধুত্ব থাকলেও এপস্টাইনের যৌন অপরাধের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।