Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পৌষমেলায় চুরি, ছিনতাই, শ্রীঘরে ১৫

সুষ্ঠুভাবে পৌষমেলা সম্পন্ন করে প্রশংসিত বীরভূম জেলা পুলিশ। পুলিশের দাবি, এতবড় মেলার তুলনায় চুরি ছিনতাইয়ের ঘটনা খুবই সামান্য।

পৌষমেলায় চুরি, ছিনতাই, শ্রীঘরে ১৫
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: সুষ্ঠুভাবে পৌষমেলা সম্পন্ন করে প্রশংসিত বীরভূম জেলা পুলিশ। পুলিশের দাবি, এতবড় মেলার তুলনায় চুরি ছিনতাইয়ের ঘটনা খুবই সামান্য। মেলায় বেশকিছু মোবাইল ও মানিব্যাগ চুরি হয়েছে। বেশকিছু মোবাইল উদ্ধারও করেছে পুলিশ। মেলায় সন্দেহজনক অবস্থায় কাউকে ঘুরে বেড়াতে দেখলেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গত ছদিনের মেলায় প্রায় ৩৫০জনকে আটক করে পুলিশ। এরমধ্যে প্রায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

রবিবার বিকালে পৌষমেলায় পরিবারের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎই বোলপুরের বিবেকানন্দল্লির বাসিন্দা অদিতি ঘোষ লক্ষ্য করেন, তাঁর মায়ের কাঁধের ব্যাগটি উধাও হয়ে গিয়েছে। অদিতির দাবি, ওই ব্যাগেই তাঁর ফোন, কিছু গুরুত্বপূর্ণ নথি, নগদ প্রায় আড়াই হাজার টাকা ও বাড়ির চাবি ছিল। মাকেই ব্যাগটি ধরতে দিয়েছিলেন। মেলার ঘোরাঘুরির ফাঁকেই ব্যাগটি উধাও হয়ে যায়। তাঁর মা জানাচ্ছেন, মনে হয় ব্যাগটি কেউ কাঁধ থেকে ছিনিয়ে নিয়েছে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন অদিতি। একটি জেনারেল ডায়েরি করেন মেলার পুলিশ কন্ট্রোল রুমে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে খবর, মেলার ছ’দিনে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে সিংহভাগই চুরি, ছিনতাইয়ের। কারও হারিয়েছে মানিব্যাগ, কারও বা মোবাইল। পুলিশ সূত্রের খবর, মেলায় প্রায় ১৫টি মোবাইল চুরি গিয়েছে। কিছু উদ্ধার হয়েছে। চুরি গিয়েছে বেশকিছু মানিব্যাগ। পুলিশের একটি সূত্রের অবশ্য দাবি, চুরি ছিনতাইয়ের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় অনেক কম। পুলিশের পদস্থ কর্তারা জানাচ্ছেন, এবছর মেলায় প্রায় আড়াই হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন ছিল। পুলিশকর্মীরা বিভিন্ন টিমে ভাগ হয়ে মেলাজুড়ে টহলদারি চালিয়েছে সবসময়। সন্দেহভাজন কাউকে দেখলেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ