Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

আসানসোলে নতুন রেল লাইন নির্মাণে বরাদ্দ ১০৭ কোটি টাকা

বিধানসভা নির্বাচনের মুখে ফের পশ্চিমবঙ্গের জন্য অর্থ বরাদ্দ করল রেল। আসানসোলের কথা মাথায় রেখে অনুমোদিত হল রেল প্রকল্প

আসানসোলে নতুন রেল লাইন নির্মাণে বরাদ্দ ১০৭ কোটি টাকা
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের মুখে ফের পশ্চিমবঙ্গের জন্য অর্থ বরাদ্দ করল রেল। আসানসোলের কথা মাথায় রেখে অনুমোদিত হল রেল প্রকল্প। বৃহস্পতিবার রেলমন্ত্রক জানিয়েছে, পূর্ব রেলের আওতাধীন কালীপাহাড়ি বাইপাস লাইনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ৪.৭৫ কিলোমিটারের এই বাইপাস রেল লাইন তৈরিতে বরাদ্দ হয়েছে ১০৭ কোটি ১০ লক্ষ টাকা। কেন এই লাইন তৈরি প্রয়োজন? রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলওয়ে জোনের মধ্যে দিয়ে যেসব ট্রেন চলাচল করে, তাদের আসানসোল ইয়ার্ডে প্রবেশ করতে হয়। কারণ পরিচালনগত কারণে ইঞ্জিন পালটানোর বিষয় থাকে। পাশাপাশি অন্যান্য ইস্যুও তৈরি হয়। কিন্তু এর ফলে সার্বিকভাবে প্রভাব পড়ে যাত্রী এবং পণ্যবাহী ট্রেন চলাচলের উপর। পণ্যবাহী ট্রেনের ক্ষেত্রে প্রায় দেড় ঘণ্টা দেরি হয়। যাত্রীবাহী ট্রেনগুলিকেও অন্তত আধঘণ্টা অপেক্ষা করতে হয়। এর ফলে প্রতিদিন গড়ে ন’টি পণ্যবাহী ট্রেন এবং আটটি যাত্রীবাহী ট্রেনের চলাচলে চরম প্রভাব পড়ে। সবমিলিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ রেল যাত্রীদেরও।  রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কালীপাহাড়ি বাইপাস লাইন তৈরি হয়ে গেলে সংশ্লিষ্ট দু’টো জোনের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়ে যাবে। এর ফলে পরিচালনগত জটিলতায় আর অযথা সময় নষ্ট হবে না। সুরাহা মিলবে যাত্রীদের। সময়ে পৌঁছবে পণ্যও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ