ক্রাইসচার্চ, ২৯ নভেম্বর: কিউয়িদের বোলিং আক্রমণের সামনে একের পর এক উইকেট হারিয়ে যখন কার্যত কোণঠাসা ভারত, ঠিক তখন একা লড়াই চালিয়ে গেলেন ধ্রুব জুরেল। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে ফলো-অন এড়াল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথেষ্ট চাপে ছিল ভারতীয় দল।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৬ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে ভারত। শুরু থেকেই উইকেট হারাতে থাকে দল। তবে একদিকে উইকেট পতন অব্যাহত থাকলেও অন্যদিকে ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নিয়ে যান জুরেল। ১৭০ বলের ইনিংসে ৮৮ রান করেন তিনি। শতরানের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেই মাইলফলক ছোঁয়া হয়নি জুরেলের। ধ্রুব জুরেলের পাশাপাশি লোয়ার অর্ডারে প্রতিরোধ গড়ে তোলেন আকাশ দীপও। ব্যাট হাতে ২৯ রান করেন তিনি। তবে ব্যাটিংয়ের সময় মাথায় দু'বার বলের আঘাত লাগায় কনকাশনের শিকার হন আকাশদীপ। যার ফলে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসেবে দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৪৬ রানে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৬ রান করায় ১১০ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চব্রেকের বিরতি পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে কিউয়িরা। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ শুরুতেই টম ল্যাথামের উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি দিয়েছে দলকে। এরপরে বুমরাহ কট এন্ড বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দেন হেনরিকেও। নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটটি নেয় ওয়াশিংটন সুন্দর। তৃতীয়দিনের শেষে ৩ উইকেট খুইয়ে ১৩৩ রানে থামে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ২৪৩ রানের লিড নিয়ে এগিয়ে কিউয়িরা। ম্যাচের নিয়ন্ত্রণ এখনও নিউজিল্যান্ডের হাতে। ফলে চতুর্থ দিনে বল হাতে ভারতীয় বোলাররা ঘুরে দাঁড়াতে পারেন কী না, সেটাই এখন দেখার বিষয়।



