হাবাস
আইএসএলের পরিসংখ্যানে ইস্ট বেঙ্গল পিছিয়ে। কিন্তু এই প্রথম আমি লাল-হলুদের দায়িত্বে। তাছাড়া অতীতে কি হয়েছে তা মাথায় রেখে লাভ নেই। খেলাটা হয় মাঠে। মনে রাখতে হবে, আইএসএলের পাশাপাশি শিল্ড, ডুরান্ড, এসিএল-টু’তে টানা খেলেছে আমার দল। তবে রবিবার জয়ের জন্যই মাঠে নামবে ইস্ট বেঙ্গল। অনেকে বলছেন, আমাদের রক্ষণ ভালো নয়। দুঃখিত, তাঁদের সঙ্গে আমি একমত নই। চেন্নাই ম্যাচটা দুর্ঘটনা ছিল। আর দুর্ঘটনা এক-আধবারই হয়। আনোয়ারের না থাকা নিয়েও কোনো অজুহাত দিতে চাই না। বাকিরা সেরাটা উজাড় করে দিতে তৈরি।
পানোস
পারিবারিক কারণে মিগুয়েল বাড়ি ফিরে গিয়েছে। সমস্যা কাটিয়ে ও দ্রুত দলের সঙ্গে যোগ দিক, এটাই কামনা করব। সাহালেরও চোট। ডার্বিতে আমার টিমে কোনো নম্বর টেন নেই। তবে টিমটার নাম মোহন বাগান। কে আছে আর কে নেই তা নিয়ে ভাবছি না। অনিরুদ্ধ থাপা এই মুহূর্ত দেশের সেরা বক্স টু বক্স মিডফিল্ডার। ড্রাজিচও রয়েছে। আর চলতি মরশুমে আমরা ডার্বিতে দু’বার ইস্ট বেঙ্গলকে হারিয়েছি (ডুরান্ড গ্রুপ লিগ ও শিল্ড ফাইনাল)। আইএসএলেও টানা ম্যাচ জিতছি। ‘উইনিং মেন্টালিটি’ আমাদের মূলধন। ইস্ট বেঙ্গল অবশ্যই কঠিন প্রতিপক্ষ। তবে রবিবার জেতার জন্যই মাঠে নামব।



