সাহাল-আনোয়ারের অভাব ঢাকতে হবে বাকি খেলোয়াড়দের
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

খালিদ জামিল: ইস্ট বেঙ্গল ও মোহন বাগানে কোচিং করানোর সুবাদে ডার্বির গুরুত্ব জানি। অন্তত দিন দশেক আগে থেকেই এই ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে চর্চা শুরু হয়। দলের অনুশীলন হোক কিংবা রাস্তাঘাট, মানুষের সঙ্গে দেখা হলে একটাই আবদার, ডার্বি জিততে হবে। এই সময় দল পয়েন্ট টেবিলের কোথায় রয়েছে, তা গুরুত্বহীন। দুই দলের সমর্থকদের কাছেই ডার্বি জয়টাই আসল। এটাও ঠিক, এই ম্যাচের উপর আগামীর পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে। বড়ো ম্যাচ জিতলে ড্রেসিং-রুমের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। আর হারলে নেতিবাচক প্রভাবও পড়ে। আমি নিশ্চিত, রবিবারের বড় ম্যাচের আগে কলকাতা আবার দ্বিধাবিভক্ত।

Advertisement

জাতীয় দলের দায়িত্বে থাকার সুবাদে দুই প্রধানের ভারতীয় ফুটবলারদের খুব কাছ থেকে দেখছি। নিয়মিত ওদের সঙ্গে যোগাযোগও রয়েছে। সেদিক থেকে আনোয়ার আর এডমুন্ডের না থাকাটা ইস্ট বেঙ্গলের জন্য অবশ্যই বড়ো ধাক্কা। বিশেষত গত কয়েক ম্যাচে লাল-হলুদের রক্ষণের পারফরম্যান্স সেই কথাই বলছে। আনোয়ার ম্যাচ উইনার। ওর অভাব যে কোনো দলে অনুভব হবে। জাতীয় দলও তার বাইরে নয়। তাই আনোয়ারের দ্রুত সুস্থ হয়ে ওঠাটা সকলের জন্য খুবই দরকার। রবিবার ম্যাচে আমি সাহালকেও খুব মিস করব। চলতি মরশুমে ও দারুণ ছন্দে ছিল। তাছাড়া শুনলাম মিগুয়েলও নেই। ফলে মোহন বাগানের মাঝমাঠে খেলা তৈরি লোকের অভাব, যা পূরণ করা বাকিদের কাছে প্রধান চ্যালেঞ্জ। একইভাবে এই ম্যাচে নজর থাকবে দুই দলের গোলরক্ষকের দিকে। অভিজ্ঞতার নিরিখে বিশাল এগিয়ে। গত কয়েক বছর ধরে বড়ো ম্যাচের চাপ সামলে আসছে। সেই তুলনায় গত কয়েকটি ম্যাচে গিলকে আমার কিছুটা নড়বড়ে লেগেছে। তবে বড়ো মঞ্চে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা ও জানে। তাছাড়া ইস্ট বেঙ্গল কোচের হাতে পূর্বা লাচেনপার মতো বিকল্প রয়েছে।
ক্লাব ফুটবলে দীর্ঘদিন কোচিং করানোর সুবাদে হাবাসকে খুব কাছ থেকে দেখেছি। ম্যাচ রিডিং দারুণ। বড়ো ম্যাচে কিন্তু লাল-হলুদ ডাগ-আউটে ওঁর উপস্থিতি অবশ্যই ফ্যাক্টর গ঩ড়ে দিতে পারে। পক্ষান্তরে, পানোসও যথেষ্ট বুদ্ধিদীপ্ত কোচ। সবচেয়ে বড়ো কথা, হাতে ম্যাচ উইনার অনেক। তবে জাতীয় কোচ হিসাবে আমি চাইব, দুই কোচই আরও বেশি করে ভারতীয় ফুটবলারদের সুযোগ দিক। জিকসন, ডেভিড, জয় গুপ্তা, আপুইয়া, লিস্টনরা ক্লাব ফুটবলে ভালো পারফর্ম করলে তা দেশের জার্সিতে খেলার সময় অনেকটাই আত্মবিশ্বাস জোগাবে।