শিবাজী চক্রবর্তী, কলকাতা: দিন দশেক আগে নবান্ন উৎসব পালিত হয়েছে গ্রামবাংলায়। এই সময়ে আবহাওয়া বেশ মনোরম। দুয়ারে হেমন্তের বিদায়ে কড়া নাড়ছে শীত। তবে আবহাওয়া অফিসের আশঙ্কা, ডিসেম্বরের শুরুতে দানা বাঁধতে পারে নিম্নচাপ। ওদিকে ময়দানের পূর্বাভাস, রবিবার ঝড় উঠবেই যুবভারতীতে। আইএসএলের প্রথম ডার্বি। ভারতীয় ফুটবলের ক্ল্যাশ অব টাইটানস। ছুটির দিন ভাতঘুম সেরেই মাঠমুখো হবেন দুই প্রধানের সমর্থকরা। ডাঙায় যুদ্ধ চিংড়ি, ইলিশের। সবুজ-মেরুন, লাল-হলুদের ঢাউস পতাকাগুলো রোদে শুকিয়ে নেওয়ার পালা চলছে। সবমিলিয়ে ব্লকবাস্টার ডার্বির অপেক্ষায় ফুটবল মহল। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে মোহন বাগান। তুলনায় একটু পিছিয়ে ইস্টবেঙ্গল। ৪ ম্যাচে হাবাস বাহিনীর সংগ্রহ ৭ পয়েন্ট। তবে কি মর্যাদার যুদ্ধে এগিয়ে রয়েছে মোহন বাগানই? বিশেষজ্ঞদের ধারণা, পালতোলা নৌকায় একাধিক ম্যাচ উইনার। কিন্তু প্রতিপক্ষের সেনাপতি যে আন্তোনিও লোপেজ হাবাস। ভারতীয় ফুটবলে সফলতম বিদেশি কোচ। মাঠেই জবাব দিতে চান তিনি। তাঁর মাস্টারস্ট্রোকের দিকে চাতক পাখির মতো তাকিয়ে হাজার হাজার লাল-হলুদ সমর্থক। আর্থিক সমস্যায় জর্জরিত ইস্ট বেঙ্গল। তবু ফুটবলাররা জয় ছিনিয়ে নিতে পারলে তা কর্তাদের লড়াইকে অক্সিজেন দেবে।
এদিন যুবভারতীতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারল পানোস ব্রিগেড। কর্পোরেট জমানায় কয়েক কিলোমিটার দূরে রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্স লাল-হলুদের আস্তানা। যুদ্ধের শিঙা ফুঁকে সেখানেই লোবা, রামিরেজদের পেপটক দিলেন হাবাস। ডাগ-আউটে গ্রিক বনাম স্প্যানিশের লড়াই জমবে ভালো। চলতি মরশুমে দু’টি ডার্বিতে হাবাসকে টেক্কা দিয়েছেন মোহন বাগান সারথি। রবিবারও মোহন বাগান জিতলে পায়ের নীচের জমি সিমেন্ট নিয়ে বাঁধিয়ে ফেলবেন পানোস। শক্তিশালী আপফ্রন্ট তাঁর সম্পদ। অজি তারকা ম্যাকলারেন আগের চেয়ে অনেকটাই ফিট। বল ফিড করতে পারলে সুস্বাদু পুডিংয়ে চেরি হয়ে উঠতে পারেন ম্যাকা।
গোলপোস্টের নীচে ভরসা দিচ্ছেন বিশাল কাইথ। ধারাবাহিকতায় সাম্প্রতিককালে অন্যতম সেরা ভারতীয় গোলরক্ষক তিনি। মোহন বাগান দুর্গে ফাটল ধরাতে হলে বিশালকে টপকাতে হবে। চিরবিশ্বস্ত আলবার্তোও তৈরি। টাফ ফুটবলে লোবাদের পকেটে পুরতে চান স্প্যানিশ ডিফেন্ডার। অন্যদিকে, ডুরান্ড ফাইনালে হাবাসের চতুরঙ্গে চোখে ধুতরো ফুল দেখেছে গঙ্গাপাড়ের ক্লাব। জিভুলিচদের ড্রেসিং-রুমে সাদা বোর্ডে নানা ফর্মেশনের আঁকিবুকি। প্রতি-আক্রমণেই বিপক্ষ দুর্গে ফাটল ধরাতে চাইছেন ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ। রক্ষণে আনোয়ার না থাকায় বেশ অস্বস্তিতে লাল-হলুদ ব্রিগেড। নড়বড়ে দুই উইং ব্যাক যেন কইমাছের কাঁটা। হাবাস না পারছেন গিলতে না পারছেন উগরাতে। চেন্নাইয়ানের বিরুদ্ধে রক্ষণের দোষেই ৩-৫ ব্যবধানে পরাস্ত হয়েছে মশাল বাহিনী। যদিও হাবাস বলছেন, ‘ওটা দুর্ঘটনা ছিল, যা বারবার হয় না।’ অভিজ্ঞ কোচ কীভাবে রক্ষণের শেপ অটুট রাখেন তার উপর ম্যাচের রং অনেকটাই নির্ভরশীল। হাই-ভোল্টেজ ম্যাচে বাঁশি হাতে দেখা যাবে রেফারি হরিশ কুণ্ডুকে। তাঁকে নিয়ে অবশ্য অ্যালার্জি রয়েছে ইস্ট বেঙ্গলের।



