নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কানাইপুরের বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকাকে খুনের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করল পুলিস। ওই নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার পরপরই যুবক নিখোঁজ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেশকিছুটা দূরে ন’পাড়ার বাঁশবাগানে নাবালিকার মৃতদেহ মেলে। রাতেই ডানকুনিতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম অসীম মজুমদার। তার বিরুদ্ধে ধর্ষণ করে খুনের মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। জানা গিয়েছে, ধৃত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছে। সে নিজেই জানিয়েছে, খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে সে বাড়ি নিয়ে ন’পাড়া বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানেই ধর্ষণ করে। সেই সময় নাবালিকার আর্তচিৎকার ঠেকাতে সে মুখে কাপড় চাপা দিয়ে হত্যা করে। তারপরে মৃতদেহ ফেলে রেখে চলে আসে। ঘটনার সময় সে মদ্যপ ছিল বলেও অসীম দাবি করেছে।



