Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বিয়ের জন্য জোর, মাথা মুড়িয়ে প্রতিবাদ তরুণীর

বাড়ি থেকে বলেছিল, এখনই বিয়ে করতে হবে। পড়াশোনা করে স্বাধীন জীবন আবার কী! প্রতিবাদে নিজের মাথার চুল কেটে ফেললেন তরুণী।

বিয়ের জন্য জোর, মাথা মুড়িয়ে প্রতিবাদ তরুণীর
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাড়ি থেকে বলেছিল, এখনই বিয়ে করতে হবে। পড়াশোনা করে স্বাধীন জীবন আবার কী! প্রতিবাদে নিজের মাথার চুল কেটে ফেললেন তরুণী। ঘটনাটি এ দেশেরই। ন্যাড়া হয়ে প্রতিবাদ ভারত প্রথম দেখছে, এমন নয়। কখনো বা জাতি-ধর্মের বঞ্চনার বিরুদ্ধে মাথা মুড়িয়ে ন্যাড়া হয়েছেন অনেকে। কেউ আবার ক্যানসার আক্রান্তকে চুল দান করার সাধু উদ্দেশ্যে ন্যাড়া হয়েছেন। কিন্তু বিয়েতে রাজি নয় বলে একজন তরুণী তাঁর মাথা ন্যাড়া করে ফেললেন, এমন ঘটনা বেশ নজিরবিহীন। সম্প্রতি ‘কাজলস_মুভ_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যায় টুপি পরা এক তরুণী নিজের কেরিয়ার ও পড়াশোনা নিয়ে চিন্তিত। তিনি জানান, তাঁর স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু পরিবার সে স্বপ্ন সত্যি করতে নারাজ। বরং তারা চায় মেয়ের সাত তাড়াতাড়ি বিয়ে দিতে। ফলে, প্রতিবাদে মাথা মুড়িয়ে ফেললেন তিনি। 

Advertisement

এর পরেই তিনি বার্তা দেন, মেয়েদের শুধু স্বপ্ন দেখলেই হয় না, তাকে সাকার করার সুযোগও প্রয়োজন হয়। বেশ রাগের স্বরে বলেন, ‘আমি বিয়ে করতে চাইছি না, তবু আমাকে জোর করা হচ্ছে। আমি তাই মাথা ন্যাড়া করে ফেলেছি। তা নিয়েও সকলের নানা প্রশ্ন। মেয়ে হয়ে কেন মাথা মোড়ালাম? কই, কোনো পুরুষ এমন কাজ করলে তো তাঁকে এত প্রশ্ন করা হত না! আমার লম্বা চুল আমি ভালোবাসতাম। তা কেটে ফেলতে বাধ্য হয়েছি পাত্রপক্ষ দেখতে আসবে এমন তোড়জোর শুরু করছিল বলেই।’ 
এরপর গোটা পুরুষতন্ত্রকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘সব মেয়েদেরই বলছি, একটাই জীবন। যেমন ইচ্ছে তেমনভাবেই বাঁচুন। অন্যের জন্য নিজের জীবন নষ্ট করবেন না।’ যদিও এই ভিডিও পোস্টের পর তাঁর পরবর্তী অবস্থা কী, বিয়ের আয়োজন স্থগিত হল কি না, সে নিয়ে আর কোনো ভিডিও আসেনি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর সাহসকে কুর্নিশ জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ