নয়াদিল্লি: বিপাকে পড়লেন মার্কিন মুলুকে পড়তে যেতে আগ্রহী হাজার হাজার পড়ুয়া। আপাতত বিদেশি ছাত্রছাত্রীদের জন্য ভিসা সংক্রান্ত ইন্টারভিউ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এব্যাপারে মঙ্গলবারই বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন দূতাবাসে বার্তা পাঠিয়েছেন বিদেশ দপ্তরের সচিব মার্কো রুবিও। জানা গিয়েছে, এবার থেকে ভিনদেশি পড়ুয়াদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খতিয়ে দেখতে কড়া আইন আনছে ট্রাম্প প্রশাসন। এমনিতেই মার্কিন মুলুকের ভিসা পেতে কালঘাম ছুটে যায়। তার উপর সরকারের নয়া সিদ্ধান্তে পড়ুয়াদের মধ্যে চিন্তার কালো মেঘ জমতে শুরু করেছে। বার্তায় রুবিও জানিয়েছেন, ভিসার জন্য নতুন করে কোনও ইন্টারভিউর সময় দেওয়া যাবে না। তবে ইতিমধ্যেই যেসব পড়ুয়া সাক্ষাৎকারের সময় পেয়ে গিয়েছেন, সূচি অনুযায়ীই তাঁদের ইন্টারভিউ চলবে।
এরই মধ্যে বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের হুঁশিয়ারি মার্কিন প্রশাসনের। আমেরিকায় পড়তে আসা ভারত সহ বিদেশি পড়ুয়াদের উপর আরও এক শর্ত চাপাল ট্রাম্প প্রশাসন। জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানকে আগাম না জানিয়ে যে সব বিদেশি পড়ুয়া মাঝপথে কোর্স ছেড়ে দেবেন বা নিয়মিত ক্লাস করবেন না— তাঁদের ভিসা বাতিল হবে। তাঁরা ভবিষ্যতে আর ভিসা নাও পেতে পারেন।
ভারতে মার্কিন দূতাবাসের তরফে এব্যাপারে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, পড়ুয়াদের সমস্ত ভিসা শর্ত মেনে চলতে হবে। ২০২৩ সালে ভারতে মার্কিন দূতাবাস প্রায় ১ লক্ষ ৪০ হাজার স্টুডেন্ট ভিসা ইস্যু করেছিল। যা সারা বিশ্বে রেকর্ড। দ্বিতীয়বার ট্রাম্প মসনদে বসার পর থেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। উদ্বেগে রয়েছেন বহু বিদেশি পড়ুয়া। গত মাসে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ভিসা বাতিলের জন্য আমেরিকায় বহু ভারতীয় ছাত্র সমস্যায় পড়েছেন। তাঁদের পাশে রয়েছে দেশ।