ওয়াশিংটন: রাশিয়া থেকে তেল কেনার ‘সাজা’! ভারতীয় পণ্যে চড়া হারে (সব মিলিয়ে ৫০ শতাংশ) শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু তা নিয়ে উল্টো চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর। ওয়াশিংটনের এই পদক্ষেপের বিরুদ্ধে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে। সেই তালিকায় এবার জুড়লেন বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। এক সাক্ষাৎকারে তাঁর তোপ, মার্কিন বিদেশনীতিতে এত বড় নির্বোধ পদক্ষেপ আগে কখনও হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প আদতে ব্রিকস গোষ্ঠীকে আরও ঐক্যবদ্ধ করে তুললেন। শুধু অর্থনীতিবিদরা নন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলও। রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিকি হ্যালির আশঙ্কা, ভারত ও আমেরিকার সুসম্পর্ক ভেঙে পড়ার মুখে এসে দাঁড়িয়েছে। এক নিবন্ধে তিনি লিখেছেন, ভারতকে চীনের মতো প্রতিপক্ষ বিবেচনা করা ঠিক নয়। চীনের বিশ্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষায় লাগাম টানতে চাইলে ভারতের সঙ্গে সম্পর্ককে ফের ছন্দে ফেরাতে হবে।



