নিউ ইয়র্ক: নির্দোষ হয়েও খুনের মামলায় মার্কিন মুলুকে ৪৩ বছর জেলবন্দি। সম্প্রতি আদালত মুক্তি দিয়েছে ঠিকই। তবে মাদক মামলায় নাম থাকায় অপরাধীর তকমা মোছেনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুব্রহ্মণ্যম বেদমের। ৩ অক্টোবর পেনসিলভেনিয়ার জেল থেকে ছাড়া পেতেই ফের তাঁকে গ্রেফতার করে অভিবাসন ও শুল্ক বিভাগ (আইসিই)। এরইমধ্যে আবার তাঁকে দেশে ফেরত পাঠানোর তোড়জোড় মার্কিন প্রশাসনের। যদিও সেই চেষ্টা সাময়িকভাবে আটকে দিল আমেরিকার দুটি আদালত। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলল ৬৪ বছরের ‘সুবু’র।
মাত্র ন’মাস বয়সে বাবার সঙ্গে আমেরিকায় আসেন বেদম। ১৯৮০ সালে এক বন্ধুকে খুনের মামলায় নাম জড়ায় তাঁর। পরের বছর তাঁকে গ্রেফতার করে পুলিশ। পর্যাপ্ত প্রমাণ না থাকলেও আদালত দোষী ঘোষণা করে। দেওয়া হয় কারাদণ্ড। তবে গ্রেফতারির আগেই বেদমের মার্কিন নাগরিকত্বের আবেদন গৃহীত হয়ে গিয়েছিল।
৪৩ বছর জেলে থাকার পর গত আগস্টে আশার আলো দেখেন বেদম। তাঁর আইনজীবী বেশ কিছু নথি আদালতে পেশ করেন। সেগুলি এতদিন লুকিয়ে রেখেছিল সরকারপক্ষ। এর ভিত্তিতে ৩ অক্টোবর জেল থেকে ছাড়া পান তিনি। যদিও সঙ্গে সঙ্গেই তাঁকে ফের গ্রেফতার করে পাঠানো হয় লুইসিয়ানার ডিটেনশন সেন্টারে। আইসিই’র দাবি, মাদক মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছিলেন বেদম। তাই রেহাই পাওয়ার কোনও প্রশ্নই উঠছে না। এরইমধ্যে গত সপ্তাহে তাঁকে ফেরত পাঠানোর ক্ষেত্রে স্থগিতাদেশ দেন মার্কিন মুলুকের এক অভিবাসন আদালতের বিচারক। ওই দিন পেনসিলভেনিয়ার আদালতও একই নির্দেশ দেয়। এরফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বোন সরস্বতী বেদম।