নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা, খাতড়া: মঙ্গলবার দুপুরে খাতড়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সাত নম্বর ফর্ম বোঝাই একটি গাড়ি আটকের ঘটনায় তুমুল আলোড়ন শুরু হয়েছে। গাড়িতে চালক সহ চার আরোহী ছিলেন। ২১টি কভার ফাইলে বোঝাই কয়েক হাজার সাত নম্বর ফর্ম সমেত দুই বিজেপি কর্মীকে পাকড়াও করা হয়েছে। বাকি দুই আরোহী পলাতক। গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেটি সিমলিপালের জনৈক প্রবীর ঘোষের নামে রেজিস্টার্ড। তৃণমূলের অভিযোগ, এসআইআর পর্ব চলাকালীন মৃত ও বিদেশি নাগরিক দেখিয়ে, প্রকৃত ভোটারের নাম বাদ দিতে নয়া ছক কষেছে বিজেপি। যদিও পদ্মপার্টির দাবি, তাঁদের কর্মীরা বিভিন্ন জায়গা থেকে সাত নম্বর ফর্ম নিয়ে খাতড়া এসডিও অফিসে জমা করতে যাচ্ছিলেন। তৃণমূলের ইন্ধনে পুলিশ তাদের আটক করেছে। তবে নির্বাচন কমিশনের গত ২৭ অক্টোবরের নির্দেশিকা (নম্বর-২৩/২০২৫) অমান্য করে হাজার হাজার ফর্ম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা যে বেআইনি কাজ, তা নিয়ে কোনও মন্তব্য করেননি পদ্মপার্টির নেতারা।



