নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার দিকে আঙুল তোলার আগে বিজেপি-শাসিত রাজ্যগুলির দিকে তাকান গেরুয়া শিবিরের নেতারা। এমনই খোঁচা দিল তৃণমূল কংগ্রেস। পালটা যুক্তি বিজেপির।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার দিকে আঙুল তোলার আগে বিজেপি-শাসিত রাজ্যগুলির দিকে তাকান গেরুয়া শিবিরের নেতারা। এমনই খোঁচা দিল তৃণমূল কংগ্রেস। পালটা যুক্তি বিজেপির।
গত ৪ নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে। ইতিমধ্যে গত ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বাদ পড়েছে ৫৮ লক্ষ লোকের নাম। মূলত মৃত, স্থানান্তরিত, দুই জায়গায় নাম রয়েছে এমন বিষয়েই ভোটার তালিকায় সংশোধন হয়েছে। আর তাতে নাম বাদ পড়েছে। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই বিজেপি নেতারা দাবি করছিলেন, পশ্চিমবঙ্গে এক কোটি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী ভোটার রয়েছে। কিন্তু খসড়া ভোটার তালিকায় বাংলায় রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের কোনও সন্ধান মেলেনি। ওই তথ্যকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেরি করেনি তৃণমূল।
আর এবার তৃণমূল সামনে নিয়ে এল বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ভোটার তালিকায় নাম বাদের প্রসঙ্গ। এখনও পর্যন্ত পাওয়া তথ্য বলছে, বিজেপি-শাসিত রাজ্য গুজরাতে ৭৩ লক্ষ ৭৩ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। রাজস্থানে বাদ গিয়েছে ৪৪ লক্ষ। ছত্তিশগড়ে নাম বাদ পড়েছে ২৭ লক্ষ ৩৪ হাজার। সংখ্যাটি মধ্যপ্রদেশে ৪২ লক্ষ ৭৪ হাজার। এখানেই তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের খোঁচা বিজেপির উদ্দেশে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা এবং বিধানসভা আসনের নিরিখে অন্য ছোট রাজ্যগুলিতে লক্ষ লক্ষ লোকের নাম বাদ পড়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, ওখানে ভুয়ো ভোটার কারা— রোহিঙ্গা, না আনুপ্রবেশকারী? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওই ভোটারদের ভোটেই নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। আর একবছরের মধ্যে তাঁরাই বাদ পড়ে গেলেন তালিকা থেকে! ফলে নিজেদের শাসিত রাজ্যের বিষয়ে কোনওভাবে প্রশ্ন এড়িয়ে যেতে পারেন না বিজেপি নেতারা।
পালটা তামিলনাড়ুর উদাহারণ টেনে এনেছে বিজেপি। সেখানে বাদ গিয়েছে ৯৭ লক্ষ লোকের নাম। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে। পশ্চিমবঙ্গ তার মধ্যে একটি। তামিলনাড়ু অবিজেপি-শাসিত রাজ্য। সেখানেও কয়েক লক্ষ লোকের নাম বাদ পড়েছে। আসলে এসআইআরের শেষে কী হতে চলেছে, সেই হতাশা ও আতঙ্কে ভুগছেন তৃণমূল নেতারা।