Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

বিশ্বের রাজনীতির রাশ ক্রমেই ধনকুবেরদের হাতে: অক্সফ্যাম, সংরক্ষণ ব্যবস্থার কারণেই ব্যতিক্রমী ভারত

বিশ্বজুড়ে রাজনীতির চালচিত্রে পরিবর্তনের হাওয়া। দ্রুত ক্ষমতার শীর্ষে উঠে আসছেন ধনী ও প্রভাবশালীরা। রাজনৈতিক পদ লাভের সম্ভাবনা থেকে সম্পত্তি বৃদ্ধি—সমস্ত ক্ষেত্রেই আম জনতার থেকে বহু যোজন এগিয়ে ধনকুবেররা।

বিশ্বের রাজনীতির রাশ ক্রমেই ধনকুবেরদের হাতে: অক্সফ্যাম, সংরক্ষণ ব্যবস্থার কারণেই ব্যতিক্রমী ভারত
  • ২০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দাভোস: বিশ্বজুড়ে রাজনীতির চালচিত্রে পরিবর্তনের হাওয়া। দ্রুত ক্ষমতার শীর্ষে উঠে আসছেন ধনী ও প্রভাবশালীরা। রাজনৈতিক পদ লাভের সম্ভাবনা থেকে সম্পত্তি বৃদ্ধি—সমস্ত ক্ষেত্রেই আম জনতার থেকে বহু যোজন এগিয়ে ধনকুবেররা। সুইৎজারল্যান্ডের দাভোসে ৫৬তম ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের আগে এমনই এক ভয়াবহ বৈষম্যের চিত্র তুলে ধরেছে অক্সফ্যাম ইন্টারন্যাশনাল। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যতিক্রম ভারত। এদেশের সংরক্ষণ ব্যবস্থার কারণে সাধারণ মানুষের যে রাজনৈতিক ক্ষমতায়ন হচ্ছে, সেকথাও জানাতে ভোলেনি সংস্থাটি।

Advertisement

রিপোর্টে বলা হয়েছে, একজন সাধারণ মানুষের তুলনায় একজন ধনী ব্যক্তির রাজনৈতিক পদ পাওয়ার সম্ভাবনা ৪ হাজার গুণ বেশি। বিশ্বজুড়ে ধনীদের সম্পদ গত পাঁচ বছরের গড় হারের তুলনায় ২০২৫ সালে তিনগুণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। পৌঁছে গিয়েছে রেকর্ড ১৮.৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে। ভারতের হিসাবে যা প্রায় ১ হাজার ৬৬০ লক্ষ কোটি টাকা।

কীভাবে কোটিপতিরা নিজেদের স্বার্থে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে অর্থনীতি ও সামাজিক নিয়ম বদলে দিচ্ছে, তাও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। বলা হয়েছে, গত এক বছরে এই ধনকুবেরদের সম্মিলিত সম্পদ বেড়েছে ২.৫ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের দরিদ্রতম অর্ধেক মানুষের (প্রায় ৪.১ বিলিয়ন মানুষ) মোট সম্পদের সমান। এই বিপুল সম্পদ দিয়ে অন্তত ২৬ বার চরম দারিদ্র্য মেটানো সম্ভব ছিল।

এই সংকটের মধ্যেও আশার আলো হিসাবে ভারতের সংরক্ষণ ব্যবস্থার কথা উল্লেখ করেছে অক্সফ্যাম। তারা জানিয়েছে, তফশিলি জাতি, উপজাতি এবং নারীদের জন্য আসন সংরক্ষণের মাধ্যমে প্রান্তিক মানুষদের রাজনৈতিক ক্ষমতায়নের মধ্যে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত। রাজনীতির পাশাপাশি শিক্ষা বা সরকারি চাকরির ক্ষেত্রেও অর্থনৈতিকভাবে দুর্বল বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষণ রয়েছে।

বিশ্বের ধনকুবেরদের এই ক্রমবর্ধমান প্রভাব শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ নয়। সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপরেও এই প্রভাব ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। ইতিমধ্যে জেফ বেজোস ‘ওয়াশিংটন পোস্ট’ কিনে নিয়েছেন। ‘এক্স’ অধিগ্রহণ করেছেন এলন মাস্ক। তেমনই ‘দ্য ইকোনমিস্ট’-এর একটা বড় অংশের শেয়ার কিনতে চলেছে একটি ধনকুবের গোষ্ঠী। অক্সফ্যাম জানিয়েছে, বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলির অর্ধেকের বেশি এখন বিত্তশালীদের মালিকানাধীন। এই পরিস্থিতি ঠেকাতে ভারতের পথ অনুসরণ করা উচিত বলে মত অক্সফ্যামের। ছবি: এএফপি

Advertisement
সম্পর্কিত সংবাদ