নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য বিজেপির অন্দরের কোন্দল আরও তীব্র হচ্ছে। শমীক ভট্টাচার্য দলে ক্রমশ একা হয়ে পড়ছেন বলে চর্চা শুরু হয়েছে দলে। রাজ্য সভাপতি হওয়ার পর কর্মী-সমর্থকদের মধ্যে বাঁধনহারা উচ্ছ্বাস দেখা গিয়েছিল তাঁকে ঘিরে। সেই উৎসাহ ক্রমশ নিম্নমুখী। বরং বাড়ছে অসন্তোষ। কারণ, গত জুলাই মাসে বঙ্গ বিজেপির সর্বোচ্চ পদে বসেন শমীকবাবু। পাঁচ মাস কেটে গেলেও তিনি রাজ্য কমিটি তৈরি করতে পারেননি। বছর ঘুরলেই বিধানসভা ভোট। এখনও তিনি তাঁর সহযোদ্ধাদের নাম চয়ন করতে না পারায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে গেরুয়া শিবিরে। সূত্রের দাবি, বার তিনেক রাজ্য কমিটির পদাধিকারীদের নামের খসড়া তালিকা চূড়ান্ত করলেও তা দিনের আলো দেখেনি। ফলস্বরূপ পুরোনো কমিটিই কাজ করে চলেছে। তার উপর দলের মধ্যে বিরোধী দলনেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রুপ আলাদাভাবে কাজ করছে। অনেক ক্ষেত্রেই নেওয়া হচ্ছে পৃথক পৃথক কর্মসূচি। তার আগাম খবর থাকছে না রাজ্য সভাপতির কাছেই। এসব কারণেই অনেকে বলছেন, দলের সাংগঠনিক পর্যায়ে শমীকবাবুর রাশ আলগা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্য বিজেপি শমীক, সুকান্ত ও বিরাধী দলনেতা—এই তিন ধারায় চলছে। তাতে সার্বিকভাবে বিভ্রান্ত দলের কর্মীরা। কার কথা শুনে চলবেন, কার কথা অবজ্ঞা করবেন—বুঝে উঠতে পারছেন না তাঁরা। ফলে দলের বুথ, মণ্ডল, জেলা কিংবা রাজ্য পর্যায়ে শৃঙ্খলার অভাব প্রকট হয়ে ধরা পড়ছে। বিধানসভা ভোটের প্রাক্কালে পদ্ম শিবিরের জন্য তা মোটেও ভালো বিজ্ঞাপন নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।



