Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে শিক্ষক সঙ্কট, চিন্তায় সব মহল

জেলার ঐতিহ্যবাহী এবং রাজ আমলের স্কুল চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে শিক্ষক সঙ্কট

চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে শিক্ষক সঙ্কট, চিন্তায় সব মহল
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: জেলার ঐতিহ্যবাহী এবং রাজ আমলের স্কুল চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে শিক্ষক সঙ্কট। ২৪ জনের মধ্যে পাঁচজন চাকরিহারা হওয়ায় পঠনপাঠন নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। ১৯ জন শিক্ষক নিয়ে ৩৫৫০ পড়ুয়াকে পাঠদানে হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা। ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী বলেন, কম শিক্ষক থাকায় ক্লাস নেওয়ার ক্ষেত্রে চাপ থাকছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Advertisement

স্কুল সূত্রে খবর, দু’জন ইংরেজি ও একজন করে অঙ্ক, কম্পিউটার সায়েন্স ও জীবন বিজ্ঞানের শিক্ষক সুপ্রিম কোটের রায়ে চাকরি হারিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন শিক্ষিকা। চাঁচল মহকুমায় এই স্কুলে সবচেয়ে বেশি পড়ুয়া পাঠরত। চলতি বছরে ২৮১ জন মাধ্যমিক ও ২৭৫ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে ১৮৮৮ সালে চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী জমি দান করে স্কুলটি প্রতিষ্ঠা করেন। রাজা তাঁর মা সিদ্ধেশ্বরী দেবীর নামে স্কুলটি করেছিলেন। বিভিন্ন সময় ফলাফলে রাজ্যে নজর কেড়েছে এই ঐতিহ্যবাহী স্কুল। মাধ্যমিকে রাজ্যস্তরে নবম ও দশম হয়েছিল এখানকার পড়ুয়ারা। ২০১৪ সালে স্কুলের ১২৫ বর্ষপূর্তির অনুষ্ঠানে তৎকালীন দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে এসেছিলেন। 
স্কুল সূত্রে খবর, ৪০ জনের বেশি শিক্ষক, শিক্ষিকা থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ১৯ জন। অভিভাবক বলরাম মণ্ডলের কথায়, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হচ্ছিল না। শুনেছি এই স্কুলের পাঁচজন চাকরিহারা হয়েছেন। এত কম শিক্ষক দিয়ে কীভাবে পড়াশোনা হবে, তা নিয়ে সংশয় রয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ