পেশোয়ার: আবারও নিশানায় জাফর এক্সপ্রেস। বুধবার সিন্ধুপ্রদেশ-বালুচিস্তান সীমানার জেকোবাবাদ জেলায় হামলার শিকার হয় পাকিস্তানের জনপ্রিয় ট্রেনটি। রেললাইনে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে লাইনচ্যুত হয় এক্সপ্রেসের ৬টি কামরা। তবে এদিনের হামলায় হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পালাতে থাকেন। পুলিস জানিয়েছে, বুধবার কোয়েটা থেকে পেশোয়ার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। সিন্ধুপ্রদেশের জেকোবাবাদ আচমকাই লাইনে বিস্ফোরণ ঘটে। ছ’টি কামরা লাইনচ্যুত হয়। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে পাক সেনা ও পুলিস। পুরো ট্রেনটি ঘিরে রাখে তারা। এই ঘটনায় কোনও সংগঠন বুধবার রাত পর্যন্ত দায় স্বীকার করে নেয়নি। তবে রেললাইনে বিস্ফোরণের পিছনে বালোচ বিদ্রোহীদের হাত থাকতে পারে বলে অনুমান পাক সেনার। ঘটনার জেরে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। চলতি বছরের ১১ মার্চ ভয়ঙ্কর হামলার স্বীকার হয় জাফর এক্সপ্রেস। ট্রেনটি হাইজ্যাক করেন বালোচ বিদ্রোহীরা। অন্তত সাড়ে ৩০০ জন যাত্রীকে পণবন্দি করে রাখেন তাঁরা।



