


ইসলামাবাদ: ফের পাকিস্তানি সেনার উপর হামলা। সেনার কনভয়ে ধাক্কা বিস্ফোরক বোঝাই গাড়ির। এই ঘটনায় নিহত অন্তত ১৩ পাকিস্তানি সেনাকর্মী। শনিবার সকালে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান। মীর আলি এলাকায় এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান-পাকিস্তানের একটি ছায়া সংগঠন।
পাকিস্তান সেনা সূত্রের খবর, শনিবার সকালে আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি এলাকা দিয়ে যাচ্ছিল সেনার কনভয়ে। হঠাৎই কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। সেনা কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে। বিস্ফোরক ঠাসা ওই গাড়ির ধাক্কায় জোরাল বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাকর্মীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। জখম অন্তত আরও ১০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ভয়াবহ ওই বিস্ফোরণে অনেক দূর থেকেও ধোঁয়া দেখা গিয়েছে। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশেপাশের বাড়ির বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে গিয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর নামের একটি জঙ্গি সংগঠন। যারা তেহরিক-ই- তালিবান-পাকিস্তানের ছায়া সংগঠন বলে খবর। উল্লেখ্য, গত মার্চ মাসেই তেহরিক-ই-পাকিস্তান পাক সেনার উপর হামলার হুমকি দিয়েছিল। তারপর থেকে পাক সেনার ওপর অন্তত ১০০টি হামলার দায় স্বীকার করেছে ওই গোষ্ঠী। অন্যদিকে এই জঙ্গি সংগঠনকে মদতের অভিযোগ ঘিরে উত্তেজনা বাড়ছে পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্কে। এই পরিস্থিতিতে সেনা কনভয়ে এই জঙ্গিহামলার পর দু’দেশের সম্পর্ক কোনদিকে গড়ায়, সেটাই এখন দেখার।