নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ও বাঙালির বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি। তথ্য হাজির করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে বাংলার অস্মিতা রক্ষার শপথ নিলেন, অন্যদিকে তেমনই তৃণমূলের দলীয় মুখপত্রের উৎসব সংখ্যাতেও মমতা কলম ধরলেন। বললেন, ‘বাংলা ভাষার অসম্মান কোনও অবস্থায় মেনে নেব না।’ বিজেপির উদ্দেশে মমতার চ্যালেঞ্জ, ‘বাংলাকে নিয়ে দুঃসাহস দেখাবেন না। এত অহংকার, ঔদ্ধত্য দেখাবেন না। বাংলার ভোট দখল করতে দেব না।’
রবিবার মহালয়ার পুণ্যলগ্নে দিনভর কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশ করেন দলনেত্রী। এই উৎসব সংখ্যায় ‘বাংলা-বাঙালির বিরুদ্ধে চক্রান্ত মানছি না, মানব না’ শীর্ষক বিশেষ কলাম লিখেছেন মমতা। সেখানে মমতা লিখেছেন, ‘প্রিয় মাতৃভাষার মর্যাদা রক্ষা করব আমরা। শপথ নিয়েছি, বাংলার অবমাননার বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের। শপথ নিয়েছি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে রুধে দাঁড়ানোর।’
বস্তুত, বাংলা ভাষায় কথা বলায় অপরাধে বাঙালির হেনস্তা করা হয়েছে, এমন অভিযোগ ইদানীং সময়ে আলোড়ন ফেলে দিয়েছে। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আটক করে রাখা, নির্যাতন, পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বাংলা ভাষার সম্মান রক্ষার্থে লড়াই শুরু করেছেন মমতা। বাংলা ভাষার গৌরবগাথা অধ্যায়ের কথা উঠে এসেছে মমতার লেখায়। বিজেপি নেতারা বাংলা ভাষা ও বাঙালির অসম্মান করছেন যেভাবে, তার বিরুদ্ধেও সরব হন বাংলার অগ্নিকন্যা। তাঁর অভিযোগ, ‘বাংলাদেশি ধুয়ো তুলে বাঙালির উপর অত্যাচার চালানো হচ্ছে।’ একদিকে, ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে প্রাপ্য রাজ্যের। অন্যদিকে, বিজেপি বাংলাভাষীদের উপর অত্যাচার এবং বাংলা রাজ্যকে অসম্মান করছে বলে অভিযোগ। এসআইআর, এনআরসি প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে মমতা লিখেছেন, ‘যাদের নিজেদের জন্মের শংসাপত্রের খোঁজ পাওয়া যাবে কি না সন্দেহ, তাঁরা আমাদের বাবা-মায়ের জন্মের নথি চাইছে, নইলে নাকি ভোটার তালিকায় নাম থাকবে না! এইসব চক্রান্তকারীদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, বাংলার অস্মিতার প্রশ্নে কোনও আপস নয়। বাংলা ভাষার উপর কোনও সন্ত্রাস মানছি না, মানব না।’ পাশাপাশি জাগো বাংলার উৎসব সংখ্যায় ‘আমি’ নামক একটি কবিতা লিখেছেন মমতা। যেখানেও প্রতিবাদী কণ্ঠস্বর তৃণমূল নেত্রীর কলামে। এদিন কলকাতারই একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করেন মমতা। প্রতিটি জায়গাতেই বাংলা ভাষার সম্মান রক্ষা করার পক্ষে জোর সওয়াল করেন তিনি। বলেছেন, আমরা সব ভাষাকে সম্মান করি। কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বেআইনি বলা হচ্ছে কেন? বাংলার অস্মিতা নষ্ট করতে দেব না।-নিজস্ব চিত্র