ওয়াশিংটন: নোবেল শান্তি পুরস্কারের মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য নিজের ঢাক নিজেই পিটিয়ে চলেছেন। মাঝে মধ্যে তাঁর হয়ে পোঁ ধরছে পাকিস্তানের মতো দেশ। তাতে হালে পানি না পেলেও ফের একই ‘বায়না’ ট্রাম্পের। এই প্রসঙ্গে ফের ভারত ও পাকিস্তানের সংঘাত বন্ধে কৃতিত্ব দাবি করলেন তিনি। তাঁর আব্দার, ভারত-পাকিস্তান সহ সাতটি যুদ্ধ থামিয়েছেন। এই প্রতিটি ক্ষেত্রে অবদানের জন্য তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।
শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটটের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দারুণ কাজ করছি। এর জন্য গোটা বিশ্ব আমাদের যা তারিফ করছে, তা আগে কোনওদিন হয়নি।’ ট্রাম্প আরও বলেন, ‘আমরা শান্তিচুক্তিতে রাজি করিয়ে যুদ্ধ বন্ধ করছি। ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কম্বোডিয়া লড়াই থামাতে পেরেছি। একবার ভারত-পাকিস্তানের কথা ভেবে দেখুন। বাণিজ্যের হুঁশিয়ারি ওই সংঘাত বন্ধ করে দিয়েছিলাম। দুই দেশের রাষ্ট্রনেতার প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে।’ তিনি বলেন, ভারত ও পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড ও কম্বোডিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান, কোসোভো ও সার্বিয়া, ইজরায়েল ও ইরান, মিশর ও ইথিওপিয়া, রোয়ান্ডা ও কঙ্গোর মধ্যে যুদ্ধ থামিয়েছি। এরমধ্যে ৬০ শতাংশ লড়াই বাণিজ্যের হুমকিতে থেমেছে। ট্রাম্পের দাবি, রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারলে তিনি নোবেল পুরস্কার পাবেন। এমন কথাই নাকি তাঁকে জানানো হয়েছে! এর পাল্টা মার্কিন প্রেসিডেন্টও জানিয়েছেন, সাতটা যুদ্ধ কম কী? প্রতিটা বন্ধ করার জন্য আমার একটা করে নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।
তবে রুশ-ইউক্রেন সংঘাত থামানো যে সহজ নয়, তা মেনে নিয়েছেন ট্রাম্প। ঘুরিয়ে তাঁর যুক্তি, ‘ভেবেছিলাম, পুতিনের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তাই যুদ্ধ বন্ধ করা কঠিন হবে না। কিন্তু, পুতিন আমার হতাশ করেছেন।’ তবে হাল ছাড়ছেন না ট্রাম্প। আত্মবিশ্বাসের সুরে তিনি বলছেন, ‘কোনও না কোনওভাবে এই যুদ্ধও বন্ধ করবই।’ ছবি: পিটিআই