Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইলের জন্য দশ হাজার টাকা দিতে বিশেষ সতর্কতা

উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে এবার বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।

তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইলের জন্য দশ হাজার টাকা দিতে বিশেষ সতর্কতা
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে এবার বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। সরকারি আর্থিক সাহায্যে চলা সাধারণ স্কুলগুলির পাশাপাশি বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের এই টাকা দেওয়া হয়। কারিগরি শিক্ষাদপ্তরের অধীনস্থ বৃত্তিমূলক পাঠ্যক্রমের ছাত্রছাত্রীদের এবার টাকা দেওয়ার প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করা হবে, তা বিস্তারিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠানো হয়েছে। এর জন্য নতুন ‘প্রসেস ফ্লো চার্ট’ তৈরি করে দেওয়া হয়েছে সরকার থেকে।  সাধারণ শাখার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই ব্যবস্থা অনুসরণ করা হবে। এই পদ্ধতি মেনে ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি কাজ শুরু করে দিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, গতবছর এই খাতে টাকা পাঠানো নিয়ে বড় ধরনের অনিয়ম চিহ্নিত হয়। অনেক ছাত্রছাত্রীর বদলে অন্য কারও অ্যাকাউন্টে টাকা চলে যায়। ছাত্রছাত্রীরা টাকা না-পাওয়ার বিষয়ে অভিযোগ জানানোর পর পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। রাজ্যজুড়ে পুলিস তদন্তে নামে। এই চক্রের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক, অশিক্ষক কর্মীও ছিলেন। 
এবার ট্যাব কেনার টাকা পাওয়ার জন্য আবেদন করা থেকে শুরু করে টাকা ছাড়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি কীভাবে চলবে তা প্রসেস ফ্লো চার্টে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। স্কুল থেকে ছাত্রছাত্রীদের আবেদন করার জন্য ফর্ম দেওয়া হবে। ছাত্ররা সেই ফর্ম ঠিকঠাক পূরণ করে যে অ্যাকাউন্টে টাকা আসবে তার পাসবুকের কপি ও একটি বাতিল চেকসহ জমা দেবে। তার সঙ্গে দিতে হবে আধার কার্ডের কপি।  এর ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট পোর্টালে তা নথিভুক্ত করবে। আধার নম্বরটিও যাচাই করা হবে। ছাত্রদের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) মাধ্যমে যাচাই করা হবে। অ্যাকাউণ্ট একবার ঠিকঠাক যাচাই হয়ে গেলে সেখানে কোনও পরিবর্তন করা যাবে না। পুরোপুরি যাচাই না-হলে যদি কোনও পরিবর্তন করতে হয় তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে করতে হবে। পরিবর্তন করার পর প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ওই সার্কেলের প্রধানের কাছে তা যাচাই ও অনুমোদনের জন্য পাঠাতে পারেন। এইভাবে আরও কয়েকটি ধাপ অতিক্রম করার পর চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ