জয়পুর: ৪৫ বছর আগে দুর্ঘটনায় হারিয়েছিলেন স্মৃতি। নাম, ঠিকানা ভুলে শুরু করেছিলেন নতুন জীবন। অবশেষে অতীত ফিরে পেলেন রাজস্থানের উদয় সিং। সৌজন্যে নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)। ভোটার তালিকায় নাম খুঁজতে গিয়ে নিজের আসল বাড়ি, পরিবার খুঁজে পেয়েছেন তিনি। ঘটনায় উচ্ছ্বসিত রাজস্থানের ভিলওয়ারা জেলার সুরজ গ্রাম।
ভোটার তালিকায় সংশোধন করতে দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর চালু করেছে কমিশন। তবে ইতিমধ্যেই বিষয়টা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সমস্যা এক নয়, একাধিক। কাজের চাপে বিএলওর মৃত্যু, ফর্ম পূরণে নানাবিধ সমস্যা, সবই রয়েছে অভিযোগের তালিকায়। দেশের বিভিন্ন রাজ্যে এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। মোটের উপর এসআইআর নিয়ে নেতিবাচক ধারণাই জন্মেছে অনেকের মনে। সেখানেই ব্যতিক্রম রাজস্থানের সুরজ গ্রাম। কারণ এসআইআরের জন্যই গ্রামের হারানো ছেলে ফিরে এসেছে। তাও ৪৫ বছর পর। ঘটনার কেন্দ্রে উদয় সিং নামে এক ব্যক্তি। কর্মসূত্রে উদয় থাকতেন ছত্তিশগড়ে। মাঝেমধ্যে বাড়ি ফিরতেন। ১৯৮০ সালে কাজের জায়গাতেই ভয়ংকর পথ দুর্ঘটনার কবলে পড়েন উদয়। মাথায় গুরুতর চোট পেয়ে স্মৃতিভ্রষ্ট হন। এরপর আর বাড়ি ফেরা হয়নি। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাঁর খোঁজ পাননি। গ্রামের সবাই একপ্রকার ধরেই নিয়েছিলেন, উদয় মারা গিয়েছেন।
গত বুধবার তাঁদের এই ধারণা রাতারাতি বদলে যায়। কারণ উদয় নিজেই এদিন হাজির হয়েছিলেন সুরজ গ্রামে। আসলে, এসআইআর শুরু হতেই নিজের অতীত সম্পর্কে খোঁজ শুরু করেন উদয়। জানতে পারেন, রাজস্থানের এক গ্রামে ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। সেখানে হাজির হতেই আবছা মনে পড়তে শুরু করে পুরোনো স্মৃতি। এই সময় তাঁকে দেখে গ্রামের কয়েকজনের সন্দেহ হয়। খবর যায় উদয়ের বাড়িতে। এতদিনে চেহারা একেবারে বদলে গিয়েছে। ফলে উদয়কে চিনতে পারা সহজ ছিল না। কিন্তু উদয়ের কপালের পুরোনো ক্ষতচিহ্ন দেখে তাঁর মা নিশ্চিত হন এই সেই হারিয়ে যাওয়া ছেলে। পরিবারের বাকিরাও হারিয়ে যাওয়া উদয়কে ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। গোটা গ্রাম কার্যত উৎসবের চেহারা নেয়।