নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বলিউড সিনেমায় শহিদ ক্ষুদিরাম বসু এবং ঋষি অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্রকুমার ঘোষকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই সিনেমায় ক্ষুদিরাম বসুকে ‘ক্ষুদিরাম সিং’ নাম দেওয়া হয়েছে! এবং বারীন্দ্রকুমার ঘোষকে বলা হয়েছে, ‘বীরেন্দ্র কুমার’! এর বিরুদ্ধে মঙ্গলবারই সল্টলেকের এক বাসিন্দা বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। শহিদ ক্ষুদিরাম বসু সহ স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করার ঘটনায় বুধবার তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, পুলিস ওই সিনেমার ডিরেক্টরের বিরুদ্ধে মামলা রুজু করেছে। ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে ৩৫২ সহ তিনটি ধারায় মামলা রুজু হয়েছে। ডিরেক্টরকে নোটিসও পাঠানো হবে।
এদিন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা সবচেয়ে বড় ছিল। আজকে ফিল্ম বানিয়ে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করে দেওয়া হল! স্বাধীনতা সংগ্রামীদের এভাবে অসম্মান করতে লজ্জা করে না? বাংলার অপমান মেনে নেওয়া হবে না। তিনি বলেন, আমরা সবাইকে সম্মান করি। অথচ, বাংলাকে অসম্মান করা হচ্ছে। কয়েকটা লোক টাকা পেয়ে ফেক ফিল্ম তৈরি করেছে। পুরো ইতিহাসকে ধ্বংস করা হয়েছে। দেশের ইতিহাস পাল্টে দিচ্ছে!
বাংলার বিপ্লবীদের অপমানের ঘটনায় এই রাজ্যের মানুষও বেজায় ক্ষুব্ধ। বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার অনীশ সরকার বলেন, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করার সঙ্গে দেশের গৌরবময় ইতিহাসকেও অপমানিত করা হয়েছে বলে অভিযোগ। আমরা সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছি। তদন্ত শুরু হয়েছে।