Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

বিক্ষোভকারীদের উপর গুলি: ওলির গ্রেফতারি চেয়ে সরব হল জেন-জি

গণবিদ্রোহের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কে পি শর্মা ওলি। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির দাবিতে সরব হল জেন-জি।

বিক্ষোভকারীদের উপর গুলি: ওলির গ্রেফতারি চেয়ে সরব হল জেন-জি
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯

কাঠমাণ্ডু: গণবিদ্রোহের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কে পি শর্মা ওলি। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির দাবিতে সরব হল জেন-জি। শনিবার তারা জানায়, ৮ সেপ্টেম্বর সরকার-বিরোধী আন্দোলন চলাকালীন শ্যুটআউটে ১৯ জনের মৃত্যু হয়েছিল। ওলি ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাকের নির্দেশে বিদ্রোহীদের উপর গুলি চালানো হয়। ঘটনায় ওলি, লেখাক ও কাঠমাণ্ডুর চিফ ডিস্ট্রিক্ট অফিসার ছবি রিজলকে গ্রেফতারির দাবি জানান জেন-জি গোষ্ঠীর পরামর্শদাতা ডঃ নিকোলাস বুশাল। একইসঙ্গে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের আর্জি জানান বুশাল। ১৯৯০ সালের পরে শীর্ষ নেতা ও সরকারি আধিকারিকদের সম্পদ খতিয়ে দেখবে সংশ্লিষ্ট কমিটি। 

Advertisement

ছাই চাপা আগুন দীর্ঘদিন ধরেই জ্বলছিল। তাতে ঘি ঢালার কাজ করেছিল ২৬টি সোশ্যাল মিডিয়া সাইট নিষিদ্ধ করার সিদ্ধান্ত। ৮ সেপ্টেম্বর ওলি সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে নেপালের নব প্রজন্ম। রাজধানী কাঠমাণ্ডু সহ একাধিক এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভে তিন পুলিশকর্মী সহ কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়। পড়ে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হন ওলি। পরে একে একে পদ ছাড়েন মন্ত্রীরা। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সুশীলা কারকি। 
জেন-জির যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। শুক্রবার সংবিধান দিবস উপলক্ষ্যে তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কোনও নির্দেশ সরকার দেয়নি। স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি ছোড়া হয়। পুলিশের কাছে এই ধরনের কোনও বন্দুক নেই। বিষয়টি নিয়ে তদন্ত হওয়া উচিত।’ এদিকে শনিবার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল নেপালের সুপ্রিম কোর্ট। বর্তমান প্রশাসনকে আইন এনে পরিষেবা চালু করতে বলেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রউত বলেন, ‘সুপ্রিম কোর্ট সরকারকে সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করার নির্দেশ দেয়নি।’

সম্পর্কিত সংবাদ