নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ সিপিএম তাদের মেগা কর্মসূচি ‘বাংলা বাঁচাও যাত্রা’ শুরু করছে। আজ, শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জ থেকে সেই কর্মসূচি শুরু হবে। কিন্তু ‘শহুরে সিপিএম’ ব্যস্ত প্যালেস্টাইন নিয়ে! এমন দিনে তাঁরা ধর্মতলার বুকে ‘প্যালেস্টাইন কনসার্ট’-এর ডাক দিয়েছেন। কিন্তু লাল ঝান্ডা নিয়ে নয়। এই কর্মসূচির ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি ইনিশিয়েটিভ’। নিন্দুকরা মাঝেমধ্যেই বামেদের আন্তর্জাতিকতাবাদ নিয়ে কটাক্ষ করে থাকেন। এখন তাঁরা প্রশ্ন তুলছেন, ভোটের প্রাক্কালে যাবতীয় বিষয় ছেড়ে ধর্মতলায় প্যালেস্টাইন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান কেন? নাকি নেপথ্যে রয়েছে ‘মুসলিম ভোট ব্যাংক’?
প্যালেস্টাইন সলিডারিটি ইনিশিয়েটিভের দায়িত্বে রয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী। ভোটের আগে স্থানীয় ইশ্যু ছেড়ে কলকাতায় প্যালেস্টাইন কনসার্ট কেন? শমীকবাবু বলেন, ‘শুধু আমাদের কলকাতায় নয়, সারা পৃথিবীজুড়েই ২৯ নভেম্বর প্যালেস্টাইন সংহতি দিবস পালন করা হয়ে থাকে। যখন ফ্লোটিলা গিয়েছিল, সেই সময় প্রায় ১০০টি দেশ সংহতি জানিয়েছিল। তার সঙ্গে আমাদের শহর কলকাতাও ছিল। বাংলা সহ দেশ বাঁচানোর আন্দোলন যেমন আমাদের করতে হয়, তেমনই পৃথিবীর দিকেও তাকাতে হয়।’ তা বলে ভোটের আগে সমস্ত বিষয় ছেড়ে প্যালেস্টাইন? ‘যেদিন থেকে আক্রমণ শুরু হয়েছে, আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। বরাবর হয়ে থাকে। এটা কোনও নতুন বিষয় নয়। আন্তর্জাতিক স্তরে যখন কোনও আহ্বান জানানো হয়, সেটা তো আর কোনও একটা দেশের ভোট দেখে হয় না’— যুক্তি শমীকবাবুর। আর তথাকথিত মুসলিম ভোট ব্যাংক নিয়ে শমীকবাবুর সাফ জবাব, ‘এখানে মুসলিমের সঙ্গে কোনও সম্পর্ক নেই। প্যালেস্টাইনের প্রতি সংহতি জানাতেই এই কর্মসূচি।’