ঢাকা: বাংলাদেশে এবার সরস্বতী প্রতিমাকে টার্গেট করল মৌলবাদীরা। শুক্রবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়। মুকসুদপুরের পশ্চিম উজান কান্দনিপাড়ার মন্দিরে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। শুক্রবার পুজো শেষ করে রাত ১২টার দিকে পুরোহিতরা মণ্ডপ থেকে চলে যান। তারপর দুষ্কৃতীরা সরস্বতী প্রতিমার উপর ভাঙচুর চালায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ভাঙা প্রতিমা দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, প্রশাসনের কর্তা, গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ভাঙচুরের আগে মণ্ডপের আশপাশের সিসি ক্যামেরা খুলে দেয় দুষ্কৃতীরা। ফলে ঘটনার সময়কার ফুটেজ পাওয়া যায়নি। তাই কারা এই হামলা চালিয়েছে, তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। ওসি জানান, মন্দির কমিটিকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। তারা অভিযোগ দায়ের করলেই মামলা করা হবে।



