বেজিং: এআই প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বের আসন দখল নিয়ে ‘মহাযুদ্ধে’ জড়িয়েছে আমেরিকা ও চীন। এরইমধ্যে মার্কিন এআই চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের ‘হানিট্র্যাপ’ কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ করল বেজিং। তাদের দাবি, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চীনের অগ্রগতি রুখতে চরবৃত্তির কাহিনি বানাচ্ছে ওয়াশিংটন। বৃহস্পতিবার চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, ‘তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চীনের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি স্বাধীন উদ্ভাবনী শক্তি ও উদার সহযোগিতা। শুধুমাত্র এই প্রগতি রুখতে গুপ্তচরের গল্প বলা বন্ধ করুক আমেরিকা।’ উল্লেখ্য, চীনা নাগরিক তথা সিঙ্গাপুরের সংস্থা মেগাস্পিডের সিনিয়ার এগজিকিউটিভ অ্যালিস হুয়াংয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক স্বীকার করে নিয়েছেন জেনসেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, ওই তরুণী আসলে চীনা গুপ্তচর। সূত্রের খবর, এনভিডিয়া কর্তার সঙ্গে হুয়াংয়ের প্রেমের সম্পর্ক বেজিংকে প্রায় ৭০ হাজার কোটি ডলারে এআই চিপ কিনতে সাহায্য করেছে। তবে শুধু অ্যালিস নন। কিম্বারলি পাওয়েল নামে এক সহকর্মীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন। বুধবার একটি রিপোর্টে এই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যাবতীয় বিতর্কের মাঝে জেনসেনকে বরখাস্তের প্রস্তুতি নেয় এনভিডিয়া। এরইমধ্যে বৃহস্পতিবার সিইও পদে ইস্তফা দিলেন জেনসেন। আপাতত অন্তবর্তী সিইও’র দায়িত্ব সামলাবেন সিএফও কোলেট ক্রেস। এবিষয়ে বিবৃতি দিয়ে বোর্ডের চেয়ারম্যান হারভি জোনস বলেন, ‘কোলেট ও তাঁর নেতৃত্বাধীন দলের উপর পূর্ণ আস্থা রয়েছে বোর্ডের। আশা করি কোম্পানির কাজ নির্বিঘ্নে এগিয়ে যাবে।’ ইতিমধ্যে জেনসেনের উত্তরসূরি খোঁজার কাজ শুরু হয়েছে।



