জাকার্তা: শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন। আপত্তি ওঠে দেশের উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে অংশ নেওয়া নিয়েও। তীব্র বিতর্কের মুখে পড়ে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি গিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আইনসভা পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ৩৯ বছর বয়সি গিবরান ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানান, তিনি উপরাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। গিবরানের পদত্যাগে দুঃখপ্রকাশ করে প্রাবোও বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন উপরাষ্ট্রপতি। নির্বাচনি প্রচার থেকে শুরু করে গত দু’বছরে সরকার পরিচালনা... সব ক্ষেত্রেই গিবরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান ছাড়া সরকারের অনেক সাফল্য সম্ভব হত না।’ জানা গিয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন গিবরান। দীর্ঘদিন ধরে চলতে থাকা রাজনৈতিক বিতর্কের অবসান ঘটাতেই এই সিদ্ধান্ত, বলে জানিয়েছিলেন তিনি। বুধবার প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।



