নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রী বোঝাই বাস, মৃত ১৪
  • ১২ নভেম্বর, ২০২৬ ১৩:০৭
Prefer us on Google

কাঠমাণ্ডু, ১২ নভেম্বর: ছটপুজো উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন সবাই। কিন্তু তাঁদের যে আর বাড়ি ফেরা হবে না সেটা ভাবতেই পারেনি তাঁরা। বাড়ি ফেরার সময় আচমকাই পাহাড়ি খাদে উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি। আর সেই ঘটনায় মৃত্যু হয় ১৪ জনের। আহত হয়েছেন আরও ৬ জন। ঘটনাটি ঘটেছে নেপালের বাগমতী প্রদেশের মাকওয়ানপুর জেলায়। 

Advertisement

জানা গিয়েছে, বাসটি কাঠমাণ্ডু থেকে সারলাহির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ভীমফেদি এলাকা সংলগ্ন পাহাড়ি অংশের কাছে গাড়িটির চালক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সড়ক সংলগ্ন গভীর খাদে প্রায় তিনশো মিটার নীচে গাড়িটি নেমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকেই বাস যাত্রীদের উদ্ধার করা হয়। অকুস্থলেই চালক-সহ ১৪ জনের মৃত্যু হয়। তাঁর মধ্যে একই পরিবারের ছয় জন রয়েছেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি আরো ৬ জন জখম হয়েছেন বলে সূত্রে খবর। বর্তমানে তাঁরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল সেই বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।