লাহোর: দূষণের বিষবাস্পে ভরেছে পড়শি দেশ পাকিস্তানের আকাশ। চলতি সপ্তাহেই লাহোরের একিআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছুয়েছে ৬০০-র গণ্ডি। তারপরেই এই দূষণের জন্য ভারতের দীপাবলি উদযাপনকে দুষেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সেই প্রোপাগান্ডার হাটে হাড়ি ভেঙে দিল তাঁদের নিজেদের সংস্থাই। পাকিস্তান এয়ার কোয়ালিটি ইনিশিয়েটিভের (পিএকিউআই) একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাক পাঞ্জাবে ১৬ হাজার ৭১৪টি নাড়া পোড়ানোর ঘটনা ঘটেছে। তার প্রভাবেই লাহোরের বাতাসে পিএম ২.৫-এর ঘনত্ব বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের তুলনায় ৮ গুণ বেড়ে গিয়েছে। এই দূষণের সঙ্গে ভারতের দীপাবলির উদযাপনের সরাসরি কোনো যোগ নেই।
চলতি সপ্তাহেই বিশ্বের দূষিত শহরগুলির তালিকায় এক নম্বরে উঠে এসেছিল লাহোর। সুইৎজারল্যান্ডের সংস্থা একিউএয়ারের তথ্যে উঠে এসেছে লাহোরের একিউআই পৌঁছে গিয়েছিল ৫৯০-এ। একই সংস্থার অন্য একটি সমীক্ষার তথ্য মতে সংখ্যাটা ৬৪৭। এরপরেই পাক পাঞ্জাবের পরিবেশমন্ত্রী মারিয়ম ঔরঙ্গজেব দাবি করেছিলেন, দীপাবলিতে বাজি পোড়ানোর কারণে ভারতের বাতাস দূষিত হয়েছে। সেই দূষণই পৌঁছে গিয়েছে পড়শি দেশে।



