‘আগামী ১০ বছরের মধ্যেই অতীত হবে ক্যানসার’ দাবি অ্যানথ্রোপিকের সিইওর
  • ১১ নভেম্বর, ২০২৬ ১৭:০০
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া, ১১ নভেম্বর: যে ক্যানসারের নাম শুনলেই আজও ভয় পায় মানুষ। সেই মারণ রোগ কি আগামী এক দশকের মধ্যে হয়ে উঠবে অতীত? অ্যালঝাইমার্স, হৃদরোগের মতো জটিল অসুখও কি হার মানবে প্রযুক্তির কাছে? এমনই আশার কথা শোনালেন এআই সংস্থা অ্যানথ্রোপিকের সিইও ডারিও আমোদেই। তাঁর দাবি আগামী দশ বছরের মধ্যেই অতীত হয়ে যাবে ক্যানসার সহ বহু দূরারোগ্য ব্যাধি। এর ফলে চিকিৎসাবিজ্ঞানে খুলে যাবে নতুন দিগন্ত।

Advertisement

আমোদেই জানিয়েছেন, এআই ব্যবহার করে বিজ্ঞানীরা অনেক দ্রুত ওষুধ তৈরি করতে পারবেন। কোনও রোগের জন্য কোন ওষুধ কার্যকর হতে পারে তা দ্রুত বিশ্লেষণ করে জানা যাবে। আগামী এক দশকে ক্যানসার, অ্যালঝাইমার্স, হৃদরোগ সহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিও সহজে সারানো যাবে এআইয়ের মাধ্যমে। ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিজ্ঞানীরা ২০ কোটিরও বেশি প্রোটিনের গঠন সম্পর্কে তথ্য পেয়েছেন। ফলে গবেষণায় নতুন দিশা খুলেছে। কিন্তু অন্যদিকে ডারিও আমোদেই-এর দাবি নিয়ে সংশয় রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। তাঁদের দাবি, এআই নতুন ওষুধ আবিষ্কারে সাহায্য করতে পারে। কিন্তু তার কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণ করতে দীর্ঘ পরীক্ষা এবং মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল জরুরি। এর পাশপাশি ক্যানসারেরও একাধিক ধরন রয়েছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সব ধরনের ক্যানসার নির্মূল করা সহজ নয়। অর্থাৎ আগামী দিনে এআই চিকিৎসাবিজ্ঞানে বড়োসড়ো পরিবর্তন আনবে। তবে আগামী দশ বছরের মধ্যে দূরারোগ্য ব্যাধিগুলো সমূলে নির্মূল হবে কি না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।