ওয়াশিংটন, ১১ নভেম্বর: একেবারে পাশবিক ঘটনা! কুকুরের খাঁচায় পুরে মাটিতে পুঁতে দেওয়া হয় একরত্তিকে! জীবিত অবস্থাতেই উদ্ধার করা হলো ১১ মাসের এক শিশুকে। আমেরিকার সাউথ ক্যারোলাইনার এই নৃশংস ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। শিউড়ে ওঠার মতো খবর। এক মার্কিন সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে প্রায় এক ফুট গভীরে মাটির নিচে একটি তারের তৈরি কুকুরের খাঁচায় ভরে ওই শিশুকে পুঁতে দেওয়া হয়। শিশুটিকে কোথাও খুঁজে না পাওয়া গেলে, পুলিশে অভিযোগ করে পরিবারের সদস্যরা। এরপরে গোটা বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রায় ২৪ ঘণ্টা পরে বাড়ির সামনে জঙ্গল থেকে মাটি খুঁড়ে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে।
ঠাকুমার কাছেই ছিল সেই শিশুটি। তখনই অভিযুক্ত বাবা মাইকেল (২৫ বছর) বাড়িতে আসে। সেই সুযোগে ঠাকুমা কিছু কাজে বাইরে যান। তার কিছুক্ষণ পরেই বাড়ির এক পরিচারিকা দেখেন, গোটা বাড়ি ফাঁকা। বাবা ও শিশু-দু’জনেই নিখোঁজ ছিলেন। এরপরে পুলিশকে জানানো হয় বিষয়টি। উদ্ধারকাজে নামে প্রায় ১০০ জন সদস্যের পুলিশ আধিকারিকদের একটি দল। গোটা বাড়ির তল্লাশি চালানো হয়। তবে কিছুতেই খোঁজ মিলছিল না একরত্তির। বাড়ি থেকে ৪৫ মিটার দূরে জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করলে, মাটি খোঁড়ার চিহ্ন মেলে। সন্দেহ হলে, সেখানে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করেন তদন্তকারীরা। কিছুটা খুঁড়লেই শোনা যায়, এক বাচ্চার কান্নার শব্দ। দ্রুত মাটি সরিয়ে খাঁচা থেকে শিশুটিকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তদন্ত নেমে একাধিক এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। যেখানে মাইকেলের গতিবিধির উপর নজর রাখা হয়, এরপরেই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে একজন বাবা হয়ে, নিজের সন্তানের প্রতি এই নৃশংস ঘটনায় শিহরিত গোটা এলাকার মানুষ-সহ গোটা বিশ্ব। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের এক সদস্য বলেন, ‘গড ইজ গুড!’ অর্থাৎ ‘ঈশ্বর করুণাময়।’ হাসপাতাল সূত্রের খবর, একরত্তি দ্রুত সুস্থ হয়ে উঠবে।



