জাকার্তা, ১২ নভেম্বর: নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। আদালতের কাছেও প্রশ্নের মুখে পড়েন। পদে থাকার বৈধতা ঘিরে কটাক্ষ এড়াতে ইস্তফা দিলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট। ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট জোকো উইডোডোর পুত্র জিব্রান রাকাবুমিং রাকা। ৩৯ বছরের রাকা সেই দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বৃহস্পতিবার রাজধানী জাকার্তার পার্লামেন্ট ভবনে দেশের সর্বোচ্চ আইনসভা ‘পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি’ (এমপিআর)-র শীর্ষ নেতৃত্বের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন। তবে পদত্যাগ দেওয়ার পরে কোনো মন্তব্য করেননি তিনি।
বিদেশে পড়াশোনা সংক্রান্ত যে নথি দেখাতে হয়, সেই নথির বৈধতা ঘিরে প্রশ্ন ওঠে। ভাইস প্রেসিডেন্ট জিব্রান রাকাবুমিং রাকা বিদেশে পড়াশোনা সংক্রান্ত যে নথিপত্র জমা দিয়েছিলেন, তা নির্বাচনী বিধি অনুযায়ী যথাযথ নয়, জানানো হয় আদালতের তরফে। এরপরেই তাঁর ইমপিচমেন্টের দাবি জোড়ালো হয়ে ওঠে। তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বুধবার মোট আটটি দলের ১২০ জন আইনপ্রণেতার তরফে পিটিশনও জমা দেওয়া হয়। এরপরেই তিনি পদ থেকে সরে দাঁড়ালেন।
যদিও সূত্রের খবর, এই বিতর্ক তৈরি হওয়ার আগেই মঙ্গলবার তিনি পদত্যাগ করার কথা ভাবেন। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেন তিনি এবং ইস্তফা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। তবে প্রসেডেন্ট প্রাবোও তাঁকে পদত্যাগ না করে, আইনের দ্বারস্থ হতে বলেন। যদিও সেই সময় তাঁর ইস্তফাপত্র প্রেসিডেন্টের তরফে গ্রহণ করা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
কিছুদিন আগেই ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ ওঠে। নিট বিতর্কে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দীর্ঘ লড়াইয়ের শেষে অবশ্য মাথা নত করতে হয়, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। পদত্যাগ করেন। এছাড়াও ভারতে বহু রাজনীতিবিদ রয়েছেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে আসছে দীর্ঘদিন ধরে। তাঁদের তরফে সেবিষয়ে কোনো মন্তব্য শোনা যায়না। কিন্তু ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠতেই তিনি সরাসরি কোনো বিতর্কে না গিয়ে পদত্যাগ করলেন।



