Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিলি হয়নি, জং ধরছে সবুজ সাথির লক্ষাধিক সাইকেলে! অযত্নে ক্ষুব্ধ নবান্ন

কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান থেকেই এবছর ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথি প্রকল্পের সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিলি হয়নি, জং ধরছে সবুজ সাথির লক্ষাধিক সাইকেলে! অযত্নে ক্ষুব্ধ নবান্ন
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান থেকেই এবছর ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথি প্রকল্পের সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণার পর থেকেই সাইকেল বিতরণ নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে নবান্ন। বিতরণও হয়ে গিয়েছে কয়েক লক্ষ সাইকেল। সূত্রের খবর, তবে এখনও বহু জেলায় সাইকেল বিতরণ সম্পূর্ণ হয়নি। ফলে লক্ষাধিক সাইকেল পড়ে রয়েছে খোলা আকাশের নীচে। তার ফলে বিতরণের আগেই জং ধরছে সবুজ সাথি সাইকেলে। এই সংক্রান্ত খবর নবান্নে আসামাত্রই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসনের শীর্ষ মহল। বিতরণ না-হওয়া সাইকেলগুলি অবিলম্বে ঢাকা জায়গায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। 

Advertisement

তবে শুধু ব্যবস্থা নিলেই চলবে না, বিতরণ না-হওয়া সাইকেলগুলি নিয়ে ২০ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্টও দিতে হবে। এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অনগ্রসর কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনসলকে তা পাঠাতে হবে। পাঠাবে সমস্ত জেলা প্রশাসন। রিপোর্টে থাকবে কত সাইকেল বিতরণ এখনও বাকি। ওইসঙ্গে জানাতে হবে কত সাইকেল নষ্ট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলিরই একটি সবুজ সাথি। এই প্রকল্পের অধীনে নবম শ্রেণি থেকে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য। প্রকল্পের শুরু থেকে এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল বিতরণ করা হয়ে গিয়েছে। এবছর পাচ্ছে ১২ লক্ষ পড়ুয়া। সবুজ সাথি প্রকল্পের সাইকেল জেলায় জেলায় অযত্নে পড়ে থাকার বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান একাধিক বিধায়ক। সোমবার শিডিউলড কাস্ট অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠকে সরাসরি মুখ্যমন্ত্রীকে এই সংবাদ দেওয়া হয়। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, সাইকেল কেনা হয় মানুষের করের টাকায়। এতে উপকৃত হয় রাজ্যের বহু লক্ষ স্কুলপড়ুয়া। কিন্তু তাদের জং ধরা বা খারাপ সাইকেল দেওয়া হলে সরকারেরই ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই এই অভিযোগ সত্য হলে প্রতিটি জেলা প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ