নিউ ইয়র্ক: আর আত্মপ্রচার নয়। শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব যুযুধান দুই দেশকেই দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে লাঞ্চের পর এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, দুই দেশের বিচক্ষণ নেতারাই গত মাসের সংঘাত বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। নাহলে বিষয়টি পারমাণবিক যুদ্ধেও গড়াতে পারত।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির নেপথ্যে অন্য কেউ নন, রয়েছেন তিনিই। বার বার একথাই শোনা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। মার্কিন প্রেসিডেন্ট জানান, বাণিজ্যের শর্তেই ভারত-পাক সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। তার মধ্যস্থতা করেছেন তিনি নিজেই। একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পরেও একই দাবি করেছিলেন ট্রাম্প। তার পরেই মুনিরের সঙ্গে সাক্ষাৎ হয় ট্রাম্পের। এই সাক্ষাতে তিনি অত্যন্ত ‘সম্মানিত’ বলেও জানান ট্রাম্প। এর পরেই পাক সেনাপ্রধানের সঙ্গে ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে আলোচনাও করেন বলে খবর। সূত্রের খবর, তেহরানে আক্রমণ চালাতে পাকিস্তানের সেনাঘাঁটি ব্যবহার করতে পারে আমেরিকা। সেই কারণেই এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়েছেন ট্রাম্প।
এদিনের বৈঠকে ট্রাম্প ও মুনির ছাড়াও উপস্থিত ছিলেন বিদেশসচিব মার্ক রুবিও, আরব দুনিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটঅফ, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসীম মালিকও। এই বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, আসিম মুনিরের সঙ্গে দেখা করার কারণ, আমি সংঘাত থামানোর জন্য তাঁকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি আমি প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ দিতে চাই। বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের কথা চলছে। পাকিস্তানের সঙ্গেও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।’