শুকনো লঙ্কা কুচি বা বাটা হামেশাই ব্যবহৃত হয় রান্নায়। উপকরণটি ব্যবহার করে দু’টি আমিষ পদের রেসিপি জানালেন দ্য করিডোর রেস্তরাঁর শেফ বাসুদেব নস্কর।
শুকনো লঙ্কা কুচি বা বাটা হামেশাই ব্যবহৃত হয় রান্নায়। উপকরণটি ব্যবহার করে দু’টি আমিষ পদের রেসিপি জানালেন দ্য করিডোর রেস্তরাঁর শেফ বাসুদেব নস্কর।
প্যান ফ্রায়েড চিলি ফিশ
উপকরণ: ভেটকি মাছের ফিলে ১৫০ গ্রাম, লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম ৮০ গ্রাম, পেঁয়াজ ৫০ গ্রাম, আদা-রসুন কুচি ২০ গ্রাম করে, পেঁয়াজ শাক ২০ গ্রাম, শুকনো লঙ্কা বাটা ২০ গ্রাম, টম্যাটো কেচাপ ৩০ গ্রাম, সুইট চিলি স্যস ১০ গ্রাম, চিনি ১০ গ্রাম, নুন স্বাদ মতো, অ্যারোম্যাট পাউডার ১০ গ্রাম, ডিম ১টা, সাদা তেল ৫০ মিলি, কর্নফ্লাওয়ার ৪০ গ্রাম, সেলেরি ১৫ গ্রাম।
পদ্ধতি: ভেটকি মাছের ফিলে ছোট টুকরো করে কেটে নিন। তাতে নুন ও অ্যারোম্যাট পাউডার মাখিয়ে নিন। এবার ডিম আর কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা ব্যাটার তৈরি করুন। সেটাতে মাছের ফিলেগুলো ডুবিয়ে ভেজে নিন। এবার একটা প্যানে তেল গরম করে নিন। তাতে আদা ও রসুন ফোড়ন দিন। খানিকক্ষণ ভেজে সেলেরি কুচি দিয়ে দিন। ভাজতে ভাজতেই পেঁয়াজ কুচি ও ক্যাপসিকামের টুকরো দিন। বেশি আঁচে ভেজে নিন। এবার চিলি পেস্ট, টম্যাটো কেচাপ, সুইট চিলি স্যস, চিনি, নুন মিশিয়ে একসঙ্গে ভাজতে থাকুন। এই মিশ্রণে ভাজা মাছ দিয়ে দিন। সব একসঙ্গে মিশে গেলে এবং মাছের সঙ্গে মশলা মাখো মাখো হলে নামিয়ে নিন। উপর থেকে পেঁয়াজ শাক কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
রোস্টেড চিলি ল্যাম্ব
উপকরণ: ল্যাম্ব ফিলে ১৮০ গ্রাম, নুন স্বাদ মতো, অ্যারোম্যাট পাউডার ৬ গ্রাম, গোলমরিচ গুঁড়ো ৫ গ্রাম, সাদা তেল ৩৫ মিলি, আদা রসুন কুচি ১০ গ্রাম করে, পেঁয়াজ কুচি ২০ গ্রাম, পেঁয়াজ শাক ১০ গ্রাম, সবুজ ক্যাপসিকাম ২৫ গ্রাম, লাল ও হলুদ ক্যাপসিকাম ৩০ গ্রাম, লঙ্কা কুচি ৬ গ্রাম, শুকনো লঙ্কা বাটা ৫ গ্রাম, টম্যাটো কেচাপ ১০ গ্রাম, অয়েস্টার স্যস ৫ গ্রাম, চিনি ৫ গ্রাম, ওয়াইন
১০ মিলি, ডার্ক সয়া স্যস ৫ মিলি।
পদ্ধতি: ল্যাম্বের ফিলে নুন ও তেলে নেড়ে নিয়ে তা রোস্ট করে নিন। এবার এই ফিলে ছোট টুকরো করে কেটে নিন। এরপর কড়াইতে তেল গরম করে নিন। আদা রসুন ও লঙ্কা কুচি ফোড়ন দিন। তাতে পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরো দিয়ে ভাজুন। এরপর লঙ্কা বাটা দিন। টম্যাটো কেচাপ, অ্যারোম্যাট পাউডার দিন। সয়া স্যস, ওয়াইন, অয়েস্টার স্যস, নুন ও চিনি দিয়ে নাড়ুন। বেশ ফুটে উঠলে রোস্ট করা ল্যাম্ব দিন। ঢিমে আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। নামানোর আগে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।