নয়াদিল্লি: প্লে-অফে ওঠার আশা আগেই শেষ হয়েছে দুই দলের। এখন শুধু নিয়মরক্ষার ম্যাচ। তবুও তা থেকে আগামীর সম্ভাবনা খুঁজে নেওয়ার প্রচেষ্টা। এই লক্ষ্যেই মঙ্গলবার মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।
নয়াদিল্লি: প্লে-অফে ওঠার আশা আগেই শেষ হয়েছে দুই দলের। এখন শুধু নিয়মরক্ষার ম্যাচ। তবুও তা থেকে আগামীর সম্ভাবনা খুঁজে নেওয়ার প্রচেষ্টা। এই লক্ষ্যেই মঙ্গলবার মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।
এই ম্যাচের ফলের উপর কোনও প্রভাব পড়বে না প্লে-অফের চতুর্থ দলের ভাগ্য নির্ধারণে। তাই দুই দলই চাইবে রিজার্ভ বেঞ্চ পরখ করে নিতে। আসলে পরের মরশুমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলি। চলছে ব্যর্থতার কারণ অনুসন্ধানের পালাও। সত্যি বলতে কী, চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স খুবই হতাশাজনক। ধোনির হলুদ ব্রিগেড এখনও পয়েন্ট তালিকায় সবার নীচে। ১২ ম্যাচ খেলে ঝুলিতে মাত্র ৬ পয়েন্ট। এক ম্যাচে বেশি খেলে সমান পয়েন্ট রাজস্থানেরও। তবে নেট রান রেট কিছুটা ভালো থাকায় সঞ্জু স্যামসনরা আছেন চেন্নাইয়ের আগে।
চেন্নাই সুপার কিংসকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিং। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে জিতলেও সিএসকে’র টপ অর্ডার ছিল চূড়ান্ত ব্যর্থ। আয়ূশ মাতরে, ডেভন কনওয়ে, উর্ভিল প্যাটেলরা ক্রমাগত হতাশ করেছেন। এখন দেখার, রাজস্থান ম্যাচেও তাঁদের উপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখে কিনা। সত্যি বলতে কী, এবারের আইপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছেন রবীন্দ্র জাদেজা। এই ম্যাচেও তিনিই হলুদ ব্রিগেডের তুরুপের তাস। পাশাপাশি ইমপ্যাক্ট সাব হিসেবে শিবম দূবের ভূমিকাও হবে গুরুত্বপূর্ণ। তবে আকর্ষণের কেন্দ্রে কিন্তু ধোনিই। তিনি মাঠে থাকা মানেই হলুদ ঝড় বয়ে যাওয়া। মঙ্গলবার ফিরোজ শাহ কোটলায় একই চিত্র প্রত্যাশিত। অনেকেই ধোনির ব্যাটে বড় রান দেখার আশায় রয়েছেন। মাহি কি পারবেন সমর্থকদের মন জিততে? আসলে বয়সের ভারে জর্জরিত তিনি। হাঁটুতে চোট রয়েছে। তা সত্ত্বেও তিনি খেলছেন,চেষ্টা করছেন সেরাটা মেলে ধরার। তবে ধোনির অবসর জল্পনাও চর্চায়। এই প্রসঙ্গে কোচ ফ্লেমিং অবশ্য নির্দিষ্ট কিছু জানায়নি। চেন্নাইয়ের বোলিংয়ে খলিল আহমেদ ও পাথিরানার মতো পেসার আছেন। স্পিন বিভাগে আছেন নূর আহমেদ, অশ্বিন ও জাড্ডু।
রাজস্থান রয়্যালস গত ম্যাচে হেরে প্রবল চাপে। রাহুল দ্রাবিড়ের মতো কোচ থাকা সত্ত্বেও মরুরাজ্যের দলটির পারফরম্যান্স খুবই হতাশাজনক। তাই দেখার শেষ দু’টি ম্যাচে কোচ দলে বড় কোনও পরিবর্তন ঘটান কিনা। তবে বৈভব সূর্যবংশীর উপর নজর থাকবে। পাশাপাশি যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনরাও চাইবেন চেন্নাইকে হারিয়ে কিছুটা মুখরক্ষা করতে। রাজস্থানের বোলিং আহামরি নয়। সেই কারণেই গত ম্যাচে পাঞ্জাব ২১৯ রান তুলেছিল। তাই রিজার্ভ বেঞ্চের দিকে নজর দিতে পারেন কোচ দ্রাবিড়।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।