আজই সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া, হ্যামিলটনে বৃষ্টির পূর্বাভাস
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হ্যামিলটন: ওডিআই সিরিজ জেতার সম্ভাবনার মধ্যেই উঁকি দিচ্ছে বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার সিডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচও হতে চলেছে বৃষ্টি-বিঘ্নিত। পূর্বাভাস অন্তত তেমনই। ফলে উভয় দলের ব্যাটসম্যানদের জন্যই ফের অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সিম-স্যুইং উপযোগী কন্ডিশনে প্রথম দুই ম্যাচেও দাপট ছিল বোলারদের। ডাকওয়ার্থ-লুইস নিয়মে উভয় ম্যাচেই শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া। এর নেপথ্যে অবশ্য বড়ো ভূমিকা নিয়েছে টস। টি-২০ সিরিজ এবং একদিনের সিরিজ মিলিয়ে সাতটা ম্যাচেই ‘টেল’ পড়েছে টসে। নিয়ম অনুসারে হোমটিমের ক্যাপ্টেন আকাশে তোলেন মুদ্রা। আর সফরকারী দলের ক্যাপ্টেন ডাকেন ‘হেড’ বা ‘টেল’। অর্থাৎ, মিচেল স্যান্টনারের পক্ষে ‘টেল’ ডাকার কোনো সুযোগই নেই। প্রথম দু’টি একদিনের ম্যাচের মতো এদিনও টসভাগ্য সঙ্গে থাকলে গিল ফের রান তাড়া করতেই চাইবেন। কারণ, ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ ক্রমশ সহজ হয়ে উঠছে। কত রান তাড়া করতে হচ্ছে, বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে পরিবর্তিত সেই টার্গেট অনুসারে এগিয়ে চলার সুবিধাও মিলছে। 

Advertisement

এটা ঘটনা যে, কিউয়ি কন্ডিশনে দু’দলের ব্যাটারদের মধ্যে সবচেয়ে আত্মবিশ্বাসী দেখিয়েছে বিরাট কোহলিকে। অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। কিন্তু ভারতের অন্য কাউকে তেমন আত্মবিশ্বাসী দেখায়নি। এই তালিকায় শুভমান থেকে শুরু করে রোহিত শর্মা, শ্রেয়স আয়াররা আছেন। বিশেষ করে হিটম্যানের কাছে প্রতিটি মাচই তাৎপর্যপূর্ণ। অতীতে তিনি প্রথম থেকেই চালাতেন। এখন তাঁকে দেখে-শুনে খেলতে দেখা যাচ্ছে। কিন্তু রান না পেলে তাঁকে বসানোর চর্চা জোরালো হবে। কিউয়ি পেসাররা শর্টপিচ ডেলিভারিতে রীতিমতো পরীক্ষায় ফেলছেন ব্যাটারদের। এই পরিস্থিতিতে পাঁচ নম্বরে অক্ষর প্যাটেলকে ততটা যুক্তিসঙ্গত, প্রশ্ন থাকছে। টপ-অর্ডারে কোনো বাঁ-হাতি নেই বলেই টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু অক্ষরকে একেবারেই নড়বড়ে লাগছে। ঈশান কিষানকে অবশ্য পাঁচে নামানো যায়। সেক্ষেত্রে বোলিং দুর্বল হয়ে পড়বে। কারণ, অক্ষরই এগারোয় একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। আর নমন ধীরের স্পিন এখনও আস্থা অর্জন করতে পারেনি।
নিউজিল্যান্ডের টপ অর্ডারকেও জমাট দেখাচ্ছে না। এমনিতেই ডেভন কনওয়ে কনকাসনে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। চোট সারিয়ে উঠতে পারেননি রাচীন রবীন্দ্র। অর্শদীপ সিং, আকিব নবি, অংশুল কম্বোজ ও গুরনুর ব্রার— চার ভারতীয় পেসারের সামনে অসহায় দেখাচ্ছে উইল ইয়ং, টিম সেফার্ট, হেনরি নিকলসদের। মিডল অর্ডারে টম লাথামও ভরসা জোগাতে ব্যর্থ। এরইমধ্যে পেসার ব্লেয়ার টিকনারও কনকাসনের জন্য এই ম্যাচে নেই। পরিবর্তে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। তবে কিউয়িদের তুলনায় ভারতের তরুণ পেস আক্রমণই সেদেশের কন্ডিশনকে বেশি কাজে লাগিয়েছে। একদিনের সিরিজ জিততে পেসাররাই ভারতের প্রধান শক্তি। ফলে মহম্মদ সিরাজকে হয়তো আবার বসে থাকতে হবে ডাগ-আউটে।
 খেলা শুরু সকাল ৭-৩০ মিনিটে।
 সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।