মেয়ের ইচ্ছাতেই ট্রেকিংয়ে বাইচুং
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: পেঁজা তুলোর মতো বরফের কুচি। কোথাও দুধের সরের মতো সাদা আস্তরণ। পাহাড় চূড়ায় সূর্যের আলোয় ঠিকরে ওঠে নানা রঙের প্রিজম। ধূধূ প্রান্তরে থামার উপায় নেই। একটু অসতর্ক হলেই অবধারিত দুর্ঘটনা। তাপমাত্রা হিমাঙ্কের নীচে। কনকনে ঠান্ডায় জমে যাওয়ার জোগাড়। রাস্তা নামেই আছে। কোথাও বরফের চাঁই কেটে তৈরি করতে হয় পথ। বিপজ্জনক গোয়েচালা ট্রেক একজন অভিজ্ঞ পবর্তারোহীর কাছেও চ্যালেঞ্জিং। মেয়ে কেইশাকে নিয়ে এবার গোয়েচালা ট্রেক সেরে ফেললেন বাইচুং ভুটিয়া। সোশ্যাল সাইটে লিখেছেন, ‘মেয়ের জোরাজুরিতেই ট্রেকিংয়ে আসা। না এলে সত্যিই মিস করতাম। প্রকৃতির রূপ তন্ময় হয়ে দেখতে হয়। পদে পদে বাধা। তবু ট্রেকিংয়ের নেশাই আলাদা।’ জানা গেল, ৭ দিনে প্রায় ১০০ কিলোমিটার পথ ট্রেক করেছেন বাইচুংরা। এখানেই শেষ নয়। এরপর জোংড়ি ট্রেকিংয়েও সাফল্য। পাহাড়ে মুঠোফোনের নেটওয়ার্ক দুর্বল। কথা বোঝাই দায়। তবে বাইচুং বুঝিয়ে দিলেন এই তো শুরু। থেমে না থেকে অবসরে রুকস্যাক কাঁধে বেরিয়ে পড়তে চান সিকিমের স্নাইপার।

Advertisement

সিকিমের তিনকিতাম বাইচুংয়ের আঁতুড়ঘর। পাহাড়ি বিছের সৌজন্যেই অখ্যাত পাহাড়ি গ্রাম রাতারাতি বিখ্যাত হয়। ফুটবল কেরিয়ারে প্রচন্ড ব্যস্ততায় দম ফেলার সময় পাননি। অবসরের পর অন্য মুডে বাইচুং। মেয়ে কেইশার ট্রেকিংয়ের শখ। বরফে মোড়া পাহাড় চূড়া হাতছানি দিয়ে ডাকে। বাবার কাছেই ট্রেকিংয়ের আবদার করে মেয়ে। অনুরোধ বদলে যায় জোরাজুরিতে। শেষপর্যন্ত ব্ল্যাক বিয়ার এক্সপিডিসন নামক সংস্থার দ্বারস্থ হন বাইচুং। প্রস্তুতি শেষে পথচলা শুরু। পাহাড়ের ছেলে ফের পাহাড়ের কোলে। বরফে মোড়া প্রান্তর হাতছানি দিচেছ। মেয়েকে নিয়ে অজানার টানে ফের বেরিয়ে পড়ার অপেক্ষায় ভারতীয় ফুটবলের আইকন।