নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হারলেন পিটি ঊষা। ভারতের প্রাক্তন স্প্রিন্ট কুইনকে টেক্কা দিলেন অঞ্জু ববি জর্জ, রানী রামপাল, দোলা ব্যানার্জি ও সাইনা নেহওয়াল। স্পোর্টস পার্সনস অব আউটস্ট্যান্ডিং মেরিট (এসওএম) নির্বাচন ঘিরে সোমবার সরগরম রাজধানী। এই হার ভারতীয় ওলিম্পিক সংস্থার প্রধানের পদে ঊষার ফের নির্বাচনের আশায় কার্যত জল ঢেলে দিল। সর্বাধিক ভোট পেয়েছেন অঞ্জু ববি জর্জ (৫৩)। বাংলার দোলা ব্যানার্জির প্রাপ্তি ৪৫টি ভোট। সেখানে অনেকটাই পিছিয়ে প্রাক্তন অ্যাথলিট ঊষা (৪০)।
এদিন নির্বাচনের আগেই বড়ো বিতর্ক তৈরি হয়। পিটি ঊষা বনাম দোলা ব্যানার্জির ঠোকাঠুকি সামলাতে গিয়ে ঘোর অস্বস্তিতে পড়েন কর্তারা। বাংলার প্রাক্তন তিরন্দাজ দোলা ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছেন ঊষা। ভারতীয় ওলিম্পিক সংস্থার প্রাক্তন প্রধান অভিযোগ জানিয়েছিলেন নির্বাচনী আধিকারিকের কাছে। তবে এবিষয়ে মুখে সেলোটেপ এঁটেছেন দোলা। সূত্রের খবর, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
ঊষার অভিযোগ, চার প্রার্থীর প্যানেলকে ভোট দেওয়ার জন্য প্রভাব খাটিয়েছেন দোলা। এমনকি, নিজের হোয়াটসঅ্যাপ থেকে অনেককে বার্তাও পাঠিয়েছিলেন তিনি, যা একেবারেই নিয়ম বিরুদ্ধ। ‘নিউ ভারত প্যানেল’কে ভোট দেওয়ার আর্জি জানিয়েছিলেন দোলা। সঙ্গে তাঁদের নাম ও ব্যালট নম্বর তো ছিলই। গত ৩০ অক্টোবর চালু হয়েছিল নির্বাচনবিধি। তার ১.৯ নম্বর ধারা অনুযায়ী সমাজমাধ্যম ব্যবহার করে প্রচার একেবারেই নিষিদ্ধ। এখানেই শেষ নয়। ১.২ ও ১.৩ ধারায় স্পষ্ট লেখা আছে কাউকে অসম্মান করা যাবে না। এক্ষেত্রেও ঊষার অভিযোগ, কোনো নিয়মেরই পরোয়া করেননি দোলা। নিজের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন পুরোদমে। একই সঙ্গে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অ্যাথলিট। সবমিলিয়ে প্রবল বিতর্ক দানা বাঁধছে।



